শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকটে লেখাপড়া ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর নয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষসহ আসবাবপত্র সংকটে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাছতলায় চটে বসিয়ে পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা। বিদ্যালয় সূত্রে যানা যায়, পীরগাছার পারুল ইউনিয়নের প্রাণকেন্দ্রে ১৯৪৫ সালে সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৫৭৪। এখান থেকে প্রতিবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিন-চারজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে। ৫০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক প্রয়োজন। কিন্তু শিক্ষার্থী অনুপাতে এ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক প্রয়োজন হলেও সেখানে কর্মরত আছেন মাত্র ছয়জন শিক্ষক। বিদ্যালয়টিতে শিক্ষার্থী অনুপাতে শ্রেণীকক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্রের সংকটও রয়েছে। এখানে সাতটি শ্রেণীকক্ষ থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে টিনশেডবিশিষ্ট আধাপাকা ভবনের টিনের চাল ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ে এবং মেঝে নষ্ট হয়ে দুটি শ্রেণীকক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে পাঁচটি শ্রেণীকক্ষে সব শিক্ষার্থীর বসার জায়গা না হওয়ায় গাছতলায় চটের ওপর বসে তাদের পাঠদান করানো হচ্ছে। প্রধান শিক্ষক নুরজাহান বেগম বলেন, এখানে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক-সংকট রয়েছে। এ ছাড়া শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের সংকটে গাছতলায় ক্লাস নেওয়া হচ্ছে। এতে লেখাপড়া কিছুটা ব্যাহত হচ্ছে। তিন বছর ধরে এ অবস্থা চলছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকটের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি এ বি এম মিজানুর রহমান বলেন, সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরও কোনো কাজ হচ্ছে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ ইফতেখার মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকটের কথা স্বীকার করে বলেন, নতুন শিক্ষক নিয়োগ হলে ওই বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হবে এবং বিদ্যালয় সংস্কারের বরাদ্দ পেলে শ্রেণীকক্ষ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।