শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মাইকিং, পোস্টারিং
জয়পুরহাটের ক্ষেতলালের আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে এলাকাবাসী এবং অভিভাবকেরা বিদ্যালয়ে পোস্টারিং, বিক্ষোভ, আলোচনা সভা করলেও কোনো কাজ হয়নি। সভাপতির পদ নিয়ে হাইকোর্টে মামলাও চলছে।এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ-পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আটজন প্রার্থী আবেদন করেন। কিন্তু নিয়ম অনুযায়ী হবে না জেনে পাঁচজনই পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। আবদুর রউফ নামের একজন আবেদনকারী নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে মর্মে ১১ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেন। প্রধান শিক্ষক আকামদ্দিন আকন্দ কারচুপির মাধ্যমে সভাপতি সাইফুল ইসলামকে হাত করে তাঁর ভাগ্নে সফিকুল ইসলামকে ওই পদে নেবেন বলে অভিযোগ ওঠে। ২৫ জুলাই তাঁকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।অভিযোগকারী আবদুর রউফ বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং উৎকোচ নিয়ে ওই নিয়োগ-প্রক্রিয়া আরও পোক্ত করেছেন।চাকরির জন্য আবেদন করেও পরীক্ষায় অংশ না নেওয়া উপজেলার শিবপুর গ্রামের অধিবাসী মোজাফফর হোসেন বলেন, আত্মীয়করণ ও টাকার বিনিময়ে পরীক্ষার নামে নাটক হয়েছে। এমন পরীক্ষায় অংশ নেওয়ার চেয়ে না নেওয়া ভালো। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ-বাণিজ্যের জন্য প্রকৃত মেধাবীদের কোনো মূল্যায়ন করা হয় না।এলাকাবাসী ও অভিভাবকেরা অভিযোগ করেন, আগের নিয়োগ মেধা অনুযায়ী হয়নি। একই কায়দায় সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ-প্রক্রিয়াও চলছে। এর আগে ৫ জুলাই পুরো বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে পোস্টারিং করা হয়। ১ সেপ্টেম্বর ভোকেশনাল বিভাগে চারজন শিক্ষকের নিয়োগের ব্যাপারে গোপন বৈঠকের সময় প্রধান শিক্ষক ও সভাপতিকে লাঞ্ছিত করেন অভিভাবক ও এলাকাবাসী। ২ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সফিকুল আলম তালুকদার, শিবপুর গ্রামের ব্যবসায়ী আফজাল হোসেন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-পরিবারের সদস্য নুরুল ইসলাম জানান, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি, কমিটি নিয়ে দ্বন্দ্ব ইত্যাদি কারণে বিদ্যালয়ের পড়াশোনার মান দুর্বল হয়ে পড়েছে। এ বিদ্যালয় থেকে প্রতিবছর আট-নয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেত। কিন্তু গত বছর পেয়েছে একজন। সভাপতি সাইফুল জেলার আক্কেলপুর উপজেলার অফিস সুপার (ওএস) হওয়ায় তাঁর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনি স্থানীয় শিবপুর সিনিয়র মাদ্রাসারও সভাপতি।অন্যদিকে স্থগিত হওয়া বিদ্যালয়ের আরেকটি কমিটির (বর্তমানে হাইকোর্ট কর্তৃক স্থগিত) সভাপতি মনছুর রহমান বলেন, সাইফুল ইসলাম ব্যক্তিস্বার্থ হাসিল করতে কৌশলে সংরক্ষিত আসন জয়পুরহাট-২-এর (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) সাংসদ শাহিন মনোয়ারা হকের স্বাক্ষর জাল করে নিজে সুপারিশপত্র তৈরি করে সভাপতি হয়েছেন। এ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে। বর্তমান সভাপতি সাইফুল ইসলাম বলেন, সভাপতির পদ নিয়ে মামলা চলছে। বিষয়টি সেখানেই নিষ্পত্তি হবে। এর বেশি মন্তব্য করতে তিনি সম্মত হননি।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি নিয়ে বিবাদ মেটাতে গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এক সভা হয়। কিন্তু অমীমাংসিতভাবেই তা শেষ হয়। বৈঠকের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘বিদ্যালয়টিতে বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে জটিলতা চলছে। এর ফলে প্রধান শিক্ষকসহ অনেককে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। বিষয়টি আমি সমাধানের চেষ্টা করছি। আশা করি, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।’ ক্ষেতলাল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক আর সভাপতির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। কিন্তু এখানে কমিটি যেভাবে কাজ করে, সেভাবেই নিয়োগ-কার্যক্রম সম্পন্ন করা হয়। অনেক সময় আমাদের কিছু করার থাকে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা জানান, অভিযোগের কপি পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।সাংসদ শাহিন মনোয়ারা হক ডিওলেটারের ব্যাপারে বলেন, ‘আমি সাইফুল ইসলামকে চিনি না এবং কোনো ডিওলেটারও তাঁকে দিইনি। ওই বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য মনছুর রহমানকে ডিওলেটার দিয়েছিলাম।’