শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কর্মসূচি স্থগিত
চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষক-কমচারী ঐক্যজোটের কর্মসূচি আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া প্রথম আলো ডটকমকে জানান, আসন্ন মাধ্যমিক পরীক্ষার কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে আবারও কর্মসূচি শুরু হবে বলে তিনি জানান। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ ফেব্রুয়ারি প্রতিটি উপজেলায় ও ১২ মার্চ প্রতিটি জেলায় বিক্ষোভ, ১১ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রচারপত্র বিলি এবং ৩১ মার্চ ঢাকায় মহাসমাবেশ। আর মহাসমাবেশে বাধা দেওয়া হলে ১ এপ্রিল হরতাল দেওয়া হতে পারে। বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে ২৩ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এর আগে সংগঠনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে।