শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা ও নিয়মিত বেতন-ভাতা দেওয়ার দাবিতে শিক্ষকেরা ৩ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেছেন। দাবি না মানা হলে ১৭ জানুয়ারি ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।গত আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রকল্পের মাধ্যমে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ পলিটেকনিক ইনস্টিটিউটটি গড়ে তোলা হয়। অভিযোগ আছে, একই প্রকল্পের আওতায় দেশের আরও ১৭টি একই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হলেও এখানে তা হয়নি। একাডেমিক ভবন অন্যগুলোতে পাঁচতলা হলেও এখানে চারতলা। সীমানাপ্রাচীর বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে শেষ করা হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবনগুলো ইতিমধ্যে ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে। বিদ্যুত্-সমস্যার কারণে অনেক ব্যবহারিক ক্লাস হচ্ছে না।শিক্ষক এনামুল হক ও মেহেদী হাসান জানান, ২০০৭ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষে এটি স্বাভাবিকভাবে রাজস্ব খাতে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে মন্ত্রণালয় এক পত্রে শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানটিতে অবস্থান ও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে বেতন-ভাতাও বন্ধ রয়েছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। কর্মস্থল ত্যাগ করে চলে গেছেন কেউ কেউ। পাঁচ মাস থেকে সাত মাসের বেতন-ভাতা তাঁরা এককালীন বিশেষ বরাদ্দ থেকে পান। গত তিন মাস কোনো বেতন-ভাতাও পাচ্ছেন না তাঁরা। তাই কর্মবিরতি চলছে গোপালগঞ্জসহ আরও ১৭টি পলিটেকনিকে। দাবি মানা না হলে ঢাকায় ১৭ জানুয়ারি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তাঁরা। সংবাদ সম্মেলন করে ঢাকা থেকে ১৮টি পলিটেকনিকের শিক্ষকেরা একযোগে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী জ্যোতি ঘোষ, কম্পিউটার বিভাগের মো. হাসান, ফুড টেকনোলজির নাসিমা আক্তার ও সুমী আক্তার বলেন, ‘এখানে সমস্যার কোনো শেষ নেই। যা-ও ক্লাস হতো এখন সব বন্ধ। সামনে বোর্ডের পরীক্ষা। শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার না করলে বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে। এ কারণে শিক্ষকদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছিলাম। কিন্তু পুলিশ ও এলাকার কিছু চিহ্নিত লোক আমাদের পিটিয়েছে। ফলে গ্রামবাসীর সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এতে কার স্বার্থ রক্ষা হলো? ছাত্র, শিক্ষক, না সরকারের?’