শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাস না পাওয়ায় শিক্ষামন্ত্রী উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কোনো কোনো স্থানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত আগস্ট মাসের বেতন ও বোনাসের টাকা এখনো না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক গত ২৬ আগস্ট এবং বোনাসের চেক গত ২৯ আগস্ট তারিখে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৮ সেপ্টেম্বর পর্যন্ত বোনাসের টাকা এবং ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেতনের টাকা তুলতে পারবেন। তবে দেশের কোনো কোনো স্থানে শিক্ষক-কর্মচারীরা এখনো বেতন-বোনাসের টাকা পাননি জেনে মন্ত্রী উদ্বিগ্ন।শিক্ষামন্ত্রী আজ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তাঁরা বিষয়টি তদারক করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন। মন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছেন। গভর্নরও ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।গর্ভনর মন্ত্রীকে জানান, শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো প্রয়োজনে কাল বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।