শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্ততি
যাঁরা স্কুল-কলেজে শিক্ষকতা পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান তাঁদের আজকাল শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাসের মাধ্যমেই অর্জন করতে হয় আবেদন করার যোগ্যতা। আগামী ডিসেম্বরে সপ্তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষা। এরই মধ্যে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এবার প্রস্তুতির পালা। শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির বিষয়েই আমাদের এই উপস্থাপনা।পরীক্ষার ধরন: স্কুল এবং কলেজ উভয় পর্যায়েই ১০০ নম্বরের আবশ্যিক ও ১০০ নম্বরের ঐচ্ছিক পরীক্ষায় অংশ নিতে হয়। প্রথমে এক ঘণ্টায় আবশ্যিক বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এরপর নির্দিষ্ট ১৫ মিনিটের বিরতির পর শুরু হয় তিন ঘণ্টার ঐচ্ছিক পরীক্ষা। দুটি পরীক্ষাতেই পাসের নম্বর হল ৪০ করে। আবশ্যিক পরীক্ষাটি হয় মূলত এমসিকিউ প্রশ্নে। আর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাটি হয় পরীক্ষার্থীর আবেদনকৃত বিষয়ের ওপর। আবশ্যিক বিষয়ের জন্য: ষষ্ঠ নিবন্ধন পরীক্ষায় রাজশাহী বিভাগ থেকে উত্তীর্ণ জালাল উদ্দিন বলেন, এখানে প্রশ্ন হয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। সাধারণত প্রতিটি বিভাগ থেকে ২৫টি করে মোট ১০০টি প্রশ্ন হয়। তবে কোনো কোনো সময় এক বিষয় থেকে ২৫ এর অধিক প্রশ্ন হতে পারে। কিন্তু মোট প্রশ্ন সংখ্যা ১০০ থাকবে। সঠিক উত্তরের জন্য প্রতি প্রশ্নে এক নম্বর যোগ হবে। তবে দুটি প্রশ্নের ভুল উত্তর দিলে কাটা যাবে এক নম্বর। তাই আন্দাজে উত্তর দেওয়া উচিত নয়।আবশ্যিক বাংলা: বাংলার প্রস্ততিতে দেখে নিতে পারেন বাগধারা, সমাস, কারক, ভাষারীতি, বিরাম চিহ্ন, ভাবসম্প্রসারণ, সারসংক্ষেপ, পত্রলিখন, ভুল সুদ্ধকরণ। কলেজপর্যায়ের পরীক্ষার্থীরা সমার্থক শব্দটা দেখে নিতে পারেন।আবশ্যিক ইংরেজি: বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন বা ইরেজি থেকে বাংলায় অনুবাদ, প্যারাগ্রাফ, রিপোর্ট, ডিসক্রিপশন রাইটিং, চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম ওয়ান পার্টস অব স্পিচ টু অ্যানাদার অ্যান্ড মেকিং সেন্টেন্স উইথ দেম এসব ভালো করে দেখে নিতে পারেন। আর কলেজপর্যায়ের জন্য আরও জোর দিন ভয়েস চেঞ্জ, কম্প্রিহেনসিভ কোশ্চেন, ন্যারেশন, রাইট ইউজেজ অব ভার্ব, কমপ্লিট সেন্টেন্স বিষয়ের ওপরও। আবশ্যিক গণিত: গণিতের জন্য প্রস্ততিটা একটু বেশি নিতে হবে। এখানে পাটি গণিত, বীজ গণিত, পরিমিতি, ত্রিকোনোমিতি এবং জ্যামিতি বিষয় থেকে প্রশ্ন হয়। পাটি গণিতের জন্য লসাগু-গসাগু, গড়, লাভক্ষতি, সুদকষা, শতকরা ইত্যাদিতে ভালো প্রস্তুতি থাকা চাই। বীজ গণিতের জন্য স্কুল হলে উ ৎ পাদক, বর্গ ও ঘন সূত্র এবং তার প্রয়োগ, সেট, ফাংশন ও সমীকরণ ইত্যাদি বিষয়ে। আর কলেজপর্যায়ের হলে বাড়তি ভাগশেষ, বহুপদী, লেখচিত্র, সূচক এলগারিদমের সূত্র ইত্যাদি দেখে নিন। আর জ্যামিতির জন্য রেখা-কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজবিষয়ক উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যবিষয়ক প্রশ্ন, বৃত্তবিষয়ক উপপাদ্য ইত্যাদি। এ ছাড়া ত্রিকোণমিতি ও পরিমিতির প্রস্ততির জন্য দেখে নিন কোণক, বেলন ও গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন, ত্রিকোণমিতিক অনুপাত এবং সম্পর্ক, দূরত্ব ও উচ্চতাবিষয়ক নানা প্রশ্নও হতে পারে।আবশ্যিক সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক উভয় বিষয়েই প্রশ্ন হয়। এতে ভালো করতে চাইলে সংবাদপত্র ও সাধারণ জ্ঞানবিষয়ক বই পড়া, টিভির খবর দেখা ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করাসহ মানচিত্র, ইতিহাস, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, আবহাওয়া, দেশ, মহাদেশ, পাহাড়-পর্বত, সীমানা, সংবিধান, নদী ও সমুদ্র, দ্বীপ, হাওর, জনসংখ্যা, দেশের নাম, রাজধানী ও মুদ্রা প্রভৃতি সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা চাই। সেই সঙ্গে বিশ্ব অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, স্থাপত্য, খেলাধুলা, সরকার-রাজনীতি, চুক্তি, যুদ্ধ ইত্যাদি বিষয়ে। বিশিষ্ট ব্যক্তির জীবন, কর্ম, জন্ম, মৃত্যু, দেশ-বিদেশের আলোচিত ঘটনা, আবিষ্কার ও আবিষ্কারক এবং রোগবালাই সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করুন।ঐচ্ছিক পরীক্ষা: আবেদনকারী বা পরীক্ষার্থী যে বিষয়ের শিক্ষক হওয়ার জন্য আবেদন করবেন তাকে সেটির ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তিন ঘণ্টার এই পরীক্ষায় ভালো করতে নির্ধারিত (এনটিআরসি) সিলেবাস অনুসরণ করে পড়া শেষ করে ফেলতে হবে আগেভাগে।পরীক্ষা সহায়ক: আবশ্যিক পরীক্ষায় ভালো করতে চাইলে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান বইগুলো আয়ত্তের চেষ্টা করুন। এ ছাড়া ঐচ্ছিক বিষয়ের জন্য স্কুল বা কলেজ দুই ধরনের পরীক্ষার্থীকেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর নির্দিষ্ট বা আবেদনকৃত বিষয়ক বই পড়তে হবে। নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য জানতে ভিজিট করতে পারেন www.ntrca.gov.bd অথবা ডায়াল করতে পারেন ০২-৮৬৫০৬৯৭, ৮৬৫০৮৯৪, ৮৬৫২৩৩৭, ৮৬৫০৭৪৭, ৯৬১৫৭৫০ নম্বারে। শেষ মুহূর্তের করণীয়: পরীক্ষার কয়েক দিন আগে থেকে পরীক্ষা পর্যন্ত কী করা উচিত সেই সম্পর্কে ইতিপূর্বে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ বর্তমানে বিনোদপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নাজমুল হুসাইন বলেন, নিবন্ধন পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস আছে, সুতরাং সেভাবে আগেই পড়া শেষ করে রাখুন। নিয়মিত পড়া বিষয়ে চোখ বুলিয়ে যান আগের কয়েক দিন। দেখে নিতে পারেন বিগত বছরের প্রশ্নের ধরন। পরীক্ষার আগের রাতে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রেখে মাথা ঠান্ডা করে সকাল সকাল ঘুমিয়ে পড়ুন। পরের দিন পরীক্ষার হলে গিয়ে খাতা পাওয়ার পর ভালো করে নির্দেশনাবলি পড়ে নিয়ে বৃত্ত ভরাট করুন। সেট কোড, রোল নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করুণ। তা না হলে উত্তরপত্র বাতিল হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করুন। অন্য বিষয়গুলো দ্রুত শেষ করে গণিতের জন্য একটু বাড়তি সময় বের করে নিতে পারেন। মনোযোগ দিয়ে যেসব প্রশ্নে বেশি নম্বর পাওয়া যাবে তা আগে লিখে ফেলুন। নির্দিষ্ট সময়ে লেখা শেষ করুন, দেখবেন ফলাফল ভালো হয়েছে।