শিক্ষক নিয়োগ পর্যালোচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন উপদেষ্টার ঘনিষ্ঠ, একটি বিশেষ জেলায় বাড়ি, সরকারসমর্থক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একাংশের পৃষ্ঠপোষক—এমন সব ভাবমূর্তি তৈরি হওয়ার পরও নড়বড়ে হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের অবস্থান। তাঁকে পদত্যাগ করতে বলার আয়োজন চলছে।একজন শিক্ষক ও গবেষক হিসেবে শরীফ এনামুল কবিরের এই সম্ভাব্য পরিণতি শিক্ষাসংশ্লিষ্ট মহলে এখন আলোচনার বিষয়। তাঁর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত একাধিক সহকর্মী ও শিক্ষক জানিয়েছেন, শিক্ষক নিয়োগে তিনি কিছু অনিয়ম করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাইরের রাজনীতি সামলাতে না পারায় তাঁকে সরে যেতে হতে পারে।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষকদের আশ্বাস দেওয়ার পরও আটজন সাংস্কৃতিক কর্মী কর্মসূচি অব্যাহত রেখেছেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শুক্রবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দেওয়ার পরও কয়েকজনের কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি অপ্রত্যাশিত ও দুঃখজনক।শিক্ষক নিয়োগে অনিয়ম: উপাচার্যের বিরুদ্ধে প্রধান অভিযোগ, শিক্ষক নিয়োগে তিনি কিছু অনিয়ম করেছেন। গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ে ১৯৫ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৫-৪০ জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের কয়েকজন মন্ত্রী বা প্রভাবশালী নেতার অনুরোধ উপেক্ষা করা উপাচার্যের পক্ষে সম্ভব ছিল না। তিনি মনে করেন, শিক্ষক নিয়োগের বিষয়টি সামনে আনা হলেও বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাইরের রাজনীতিতে তিনি সামলে উঠতে পারেননি।নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে নয়জন শিক্ষক নিয়োগ পেয়েছেন, যাঁদের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় স্তরে দ্বিতীয় শ্রেণী রয়েছে। এই দুটি স্তরের একটিতে প্রথম শ্রেণী এবং আরেকটি দ্বিতীয় শ্রেণী পাওয়া ২১ জন আবেদনকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।এ ছাড়া নিয়োগপ্রাপ্ত ৪২ জন প্রথম শ্রেণী পেলেও মেধাতালিকায় তাঁদের অবস্থান প্রথম তিনজনের পর। প্রথম শ্রেণীতে প্রথম বা দ্বিতীয়দের নিয়োগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা না থাকলেও এসব শিক্ষার্থীর প্রত্যাশা থাকে বেশি।এ প্রসঙ্গে শরীফ এনামুল কবির সম্প্রতি প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য গঠিত কমিটি নিয়োগ চূড়ান্ত করার পর সিন্ডিকেট তা অনুমোদন দেয়। শিক্ষক নিয়োগ উপাচার্যের ব্যক্তিগত বিষয় নয়।জানা যায়, গত তিন বছরে শূন্য পদ পূরণে এবং নতুন বিভাগ খোলায় এসব শিক্ষকের প্রয়োজন ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগের নেতা ও তাঁদের আত্মীয়স্বজন, উপাচার্যপন্থী শিক্ষকদের সন্তান, যৌন নিপীড়নের জন্য অভিযুক্ত ছাত্র এবং পিএইচডির গবেষণা নিয়ে জালিয়াতি করা কয়েকজনকে নিয়োগ দিয়ে উপাচার্য সমালোচিত হন।ইতিহাস বিভাগে রেকর্ডসংখ্যক নম্বর পাওয়া একাধিক শিক্ষার্থীকে বাদ দিয়ে শিক্ষাজীবনের চারটিতে দ্বিতীয় শ্রেণীপ্রাপ্ত মীর ফেরদৌস হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অবস্থান স্নাতকে (সম্মান) দ্বিতীয় শ্রেণীতে সপ্তম এবং স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণীতে ১১তম।প্রত্নতত্ত্ব বিভাগে দুটি প্রভাষক পদের জন্য ৩৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান ছিল ১২ জনের। চারটিতে প্রথম শ্রেণীপ্রাপ্ত আটজনকে বাদ দিয়ে স্নাতকে (সম্মান) দ্বিতীয় শ্রেণীতে ষষ্ঠ ও স্নাতকোত্তরে পঞ্চম স্থান অধিকারী ছাত্রলীগের কর্মী সিকদার জুলকার নাইনকে নিয়োগ দেওয়া হয়। গণিত বিভাগে একাধিক প্রথম স্থান অধিকারী প্রার্থী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজের স্ত্রী মুরশেদা বেগম নিয়োগ পান। তাঁর অবস্থান স্নাতকে (সম্মান) ১২তম এবং স্নাতকোত্তরে তৃতীয়।রসায়ন বিভাগে স্নাতকে (সম্মান) ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী দেলোয়ার হোসেনকে বাদ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে স্নাতকে (সম্মান) ষষ্ঠ ও স্নাতকোত্তরে ১৭তম স্থান অধিকারী সুবর্ণা কর্মকারকে।ভূগোল ও পরিবেশ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে তানজিমুল হক মোল্লাকে। আশুলিয়া থানায় ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ হত্যাচেষ্টার মামলা করেছিলেন। তানজিমুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘ভুল করে আমার নামে মামলা করা হয়েছিল। পরে মামলাটি তুলে নেওয়া হয়।’জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ দেওয়ার হিড়িক পড়ে যায়। ২০১০ সালে সমিতির নির্বাচনের আগে নিয়োগ পান ৮৭ জন শিক্ষক। চলতি বছর শিক্ষক সমিতির নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে ২৩টি বিজ্ঞপ্তির বিপরীতে নিয়োগ পান আরও ৩২ জন শিক্ষক।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বিজ্ঞাপিত পদের বিপরীতে বেশি শিক্ষক নেওয়া যেতে পারে। কিন্তু নির্বাচন সামনে রেখে এবং যোগ্যতার সঙ্গে আপস করে শিক্ষক নেওয়া অনৈতিক।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, মনোনীত উপাচার্য হওয়ার ফলে তিনি অধিকাংশ ক্ষেত্রেই সরকার ও সরকারসমর্থক ছাত্রসংগঠনের মুখাপেক্ষী হয়ে পড়েন।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রেহমান বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে যেহেতু এত কিছু হয়ে গেল, সেহেতু এসব নিয়োগ পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কমিটি হতে পারে।উপাচার্য-সমর্থক ছাত্রলীগ বিপাকে: ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ছাত্রলীগের একটি অংশকে হাতে নেওয়ার অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধে। উপাচার্য থাকছেন না, এমন খবরে ছাত্রলীগের বিতাড়িত অংশ ক্যাম্পাসে আসার প্রক্রিয়া শুরু করেছে। ছাত্রলীগের কমিটি না থাকলেও বিতাড়িতরা কেন্দ্রীয় কমিটির সহানুভূতি পেয়ে আসছে। এ অবস্থায় উপাচার্য চলে গেলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই।আট কর্মীর অনশন চলছে: উপাচার্যের পদত্যাগের দাবিতে সাংস্কৃতিক জোটের অনশনকারী পাঁচ কর্মীর সঙ্গে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যোগ দেন আরও তিন কর্মী। অসুস্থতার কারণে গত বুধবার রাসেল রানা এবং গতকাল শুক্রবার মঈনুল হক, আতিয়া ফেরদৌস, সাদিয়া জাফরিন ও জুবায়ের টিপুকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে সংহতি যাত্রা এবং সমাবেশ করেন। পরে উপাচার্যের বাসভবনের সামনে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘একটি নন-ফিকশন’ নাটক পরিবেশন করা হয়।গতকাল একাধিক সাংস্কৃতিক কর্মী অভিযোগ করেছেন, উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ছাত্রলীগের কর্মীদের ভয়ে তাঁরা হলে যেতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে তাঁদের হলে যেতে বলা হয়েছে।গতকাল বিকেল পাঁচটার দিকে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন মঞ্চে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় জোটের সাধারণ সম্পাদক শাকিলা শারমিন বলেন, ‘আচার্যের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি।’