শিক্ষক নিয়োগে আলাদা পিএসসি গঠনে আইনের খসড়া চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা) শিক্ষক নিয়োগে পৃথক একটি সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষক নিয়োগে পৃথক কমিশন গঠন করার ফলে দেশে দুটি পিএসসি থাকবে। একটির নাম হবে পিএসসি (সাধারণ), অপরটির নাম হবে পিএসসি (শিক্ষা)। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে পৃথক কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষকনেতারা। জানা যায়, পৃথক পিএসসি গঠনের জন্য এর সাংগঠনিক কাঠামোসহ অন্যান্য কার্যাবলি নির্ধারণ করে ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (সংশোধন) আইন, ২০১১’-এর খসড়া চূড়ান্ত করেছে সংস্থাপন মন্ত্রণালয়। খসড়াটি অনুমোদনের জন্য প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে পৃথক পিএসসি গঠন করা হচ্ছে। এটি সরকারের শুভ উদ্যোগ। শিক্ষাক্ষেত্রে ভালো শিক্ষক নিয়োগ নিশ্চিত করা না গেলে দেশের সার্বিক উন্নয়নও বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারি কলেজের শিক্ষক নিয়োগ এখনো পিএসসির মাধ্যমে হয়ে থাকে। তবে অন্য সব ক্যাডার পদে পিএসসির মাধ্যমে নিয়োগ হয় বলে দ্রুত সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। তিনি আরও বলেন, বিলম্বিত নিয়োগের ফলে শূন্য পদের সংখ্যা বাড়ে। এ জন্য আলাদা পিএসসি গঠন করে তার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। খসড়া আইন অনুযায়ী, পিএসসির (সাধারণ) সদস্য চেয়ারম্যানসহ সাতজনের কম হবে না। আবার এই সংখ্যা ১৫-এর বেশিও হবে না। আর পিএসসির (শিক্ষা) সদস্যসংখ্যা হবে কমপক্ষে পাঁচ; তবে নয়জনের বেশি হবে না।প্রস্তাবিত আইনে পিএসসির (শিক্ষা) কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত গেজেটেড সিভিল সার্ভিস ও শিক্ষা খাতের পদগুলোতে নিয়োগের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হবে। অন্য কার্যাবলি বিধি দ্বারা নির্ধারণ করা হবে।