শিক্ষক নেই, ভবন নেই, বেঞ্চ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলার ৪০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৪০৭টি পদে বর্তমানে কর্মরত আছেন ৩৮৩ জন। শূন্য আছে প্রধান শিক্ষকের ২৪টি পদ। সহকারী শিক্ষকের ১৯৩৮টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৯০৬ জন। শূন্য রয়েছে ৩২টি পদ। আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের মোট ১৬২৫টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১৫৮০ জন। কমিউনিটি বিদ্যালয়ে ১২২টি পদের মধ্যে ১১৯ জন কর্মরত আছেন।জেলার ৪০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৯৬টি, কালীগঞ্জ উপজেলায় ৬৬টি, কোটচাঁদপুরে ৩৬টি, মহেশপুরে ৬৬টি, হরিণাকুণ্ডুতে ৫১টি ও শৈলকুপায় ৯২টি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৯৫টি, কালীগঞ্জে ৬৭টি, কোটচাঁদপুরে ৩০টি, মহেশপুরে ৭০টি, হরিণাকুণ্ডুতে ৭৭টি ও শৈলকুপায় ৬৭টি।জেলায় মোট প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১০০টি রয়েছে ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে অনেক ভবনে ক্লাস চলে না, আবার অনেকে বাধ্য হয়ে ক্লাস নেন। মহেশপুর উপজেলার ছয়টি গ্রামে স্কুল জরুরি হলেও সেখানে স্কুল নেই।আবার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে, বসার জায়গা নেই। বেঞ্চে ঠাসাঠাসি করে বসতে হয় শিক্ষার্থীদের। টিনের চাল আর বাঁশের বেড়ার জরাজীর্ণ ঘরে চলে পাঠদান। ঝুঁকিপূর্ণ পাকা ভবনগুলোয় ঝুঁকি নিয়েই ক্লাস চালাতে হয় শিক্ষকদের। গ্রামের বিদ্যালয়গুলোয় রয়েছে শিক্ষকসংকট। আবার অনেক গ্রামে এখনো বিদ্যালয় নেই। এ অবস্থার মধ্যে দিয়ে চলছে ঝিনাইদহ জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা। সরেজমিন জেলার বিভিন্ন উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে। শিক্ষক সূত্রে জানা গেছে, এ রকম পরিস্থিতি মোকাবিলা করে তাঁদের চলতে হয়। বিভিন্ন পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে ঝিনাইদহ জেলার অবস্থান ভালো বলে দাবি করেন তাঁরা। এবার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে এই জেলার দিপানীতা তিথি। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপার হরিহরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৫ জন শিক্ষার্থী রয়েছে। এখানে শিক্ষক আছে চারজন। তিনটি ক্লাসরুমে এই শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। এই স্কুলের বড় সমস্যা বসার বেঞ্চ নেই। ঠাসাঠাসি করে বসার কারণে ছেলেমেয়েরা ঠিকমতো লেখালেখির কাজ করতে পারে না। প্রধান শিক্ষক মিঞা মোত্তালিব বলেন, ‘বর্ষার সময় ভবনের ছাদ দিয়ে পানি পড়ে। ঘরের জানালা-দরজা সব নষ্ট হয়ে গেছে। এই জরাজীর্ণ অবস্থায় ক্লাস নিতে হয়।’ একই উপজেলার গাড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৪৫০ জন। ক্লাসরুম ছয়টি। প্রধান শিক্ষক শরিফা খানম বলেন, আরও তিনটি ক্লাসরুম প্রয়োজন। তা ছাড়া বর্তমানে সাতজন শিক্ষক এখানে কর্মরত আছেন। আরও দুজন শিক্ষক হলে শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান সম্ভব হবে। খুল্লে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ খুলে খুলে পড়ছে। অত্যন্ত ঝুঁকির মধ্যে এখানকার দুই শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। জেলার কালীগঞ্জ উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন দুজন। তাঁদের একজন অন্য স্কুলে কর্মরত, এখানে আছেন প্রেষণে। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমাকে দিনের বেশির ভাগ সময় দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। মাঝেমধ্যে যেতে হয় উপজেলা শিক্ষা অফিসে। প্রেষণে আসা একমাত্র শিক্ষক ইউসুফ আলী সামাল দেন শিক্ষার্থীদের। ঠিকমতো ক্লাস নিতে পারেন না। বেশির ভাগ সময় স্কুলে চিত্কার-চেঁচামেচি লেগেই আছে। এবার ৬৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে শিশু শ্রেণীতে। একজন শিক্ষক দিয়ে কীভাবে সম্ভব এই স্কুল চালানো? শিক্ষা কর্মকর্তাকে অনেকবার এই সংকটের কথা বলেছি। কিন্তু আজও শিক্ষক নিয়োগ হয়নি।’ একই উপজেলার বারফা-মঙ্গলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন দুজন। প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘তাসলিমা খাতুন নামের আরেকজন শিক্ষক আছেন। সাড়ে ৩০০ শিক্ষার্থীর ক্লাস নিতে হয় এই দুজনকে। এর মধ্যে আমি প্রায়ই দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি শিক্ষক চেয়ে অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু আজও নতুন শিক্ষক দেওয়া হয়নি।’ প্রধান শিক্ষক তাজুল ইসলাম জানান, ১৯৭৮ সালে একটি ভবন তৈরি করা হয়েছিল, যা এখন ব্যবহার অনুপযোগী। ওই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ১৯৮৮ সালে তৈরি করা হয়েছে তিন কক্ষের আরেকটি টিনশেড ভবন। সেটিও ঝুঁকিপূর্ণ, কক্ষসংকটের কারণে সেখানে ক্লাস চালানো হচ্ছে। অন্য দুটি কক্ষ আছে ব্যবহারযোগ্য। সদর উপজেলার বিষয়খালী প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে ক্লাস চলে। এ স্কুলে একসঙ্গে ১০টি শাখার ক্লাস চলার কারণে এখানেও কক্ষসংকট রয়েছে। স্কুলে নয়টি ক্লাসরুম থাকলেও চারটির অবস্থা খারাপ, বৃষ্টি হলেই পানি পড়ে। সে সময় ক্লাস বন্ধ করে দিতে হয়। টিনশেডের এ ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই স্কুলে শিক্ষক আছেন ১২ জন। প্রধান শিক্ষক আফরোজা খাতুন বলেন, ‘স্কুলের পড়ালেখার মান খুব ভালো। সব সময় শতভাগ পাস করে শিক্ষার্থীরা। এবার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৩৩ জন পরীক্ষা দিয়ে ৩০ জন প্রথম বিভাগে পাস করেছে। তিনজন পেয়েছে দ্বিতীয় বিভাগ। এর মধ্যে ছয়জন বৃত্তি পেয়েছে, যাদের চারজন ট্যালেন্টপুলে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।’ একই উপজেলার মাধবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯৮ সালে প্রতিষ্ঠা হয়ে ২০০৬ সালে রেজিস্ট্রেশন পেয়েছে। তার পরও সেখানে ভবন করা হয়নি। হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতাল-জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা সুলতানা বলেন, ‘আমার স্কুলে ১৪০ জন শিক্ষার্থী আছে। ছোট গ্রাম হওয়ায় এখানে শিক্ষার্থী কম। শিক্ষক রয়েছেন চারজন। বর্ষার সময় স্কুলের ক্লাসরুমের সামনে পানি জমে যায়। সে সময় ঠিকমতো ক্লাস নিতে পারি না। মাঠে মাটি ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করলে স্কুলের সার্বিক পরিবেশ আরও ভালো হবে।’ একই উপজেলার শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলে দুজন শিক্ষক দিয়ে। প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বর ছুটি নিয়েছিলেন শিক্ষক জান্নাতে পারফিউম। এরপর তিনি আর বিদ্যালয়ে আসেননি। আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। তিতুমির রহমান নামের এক শিক্ষক আর আমি চালাচ্ছি স্কুলটি। বিদ্যালয়ে ক্লাসরুমের সংকটও রয়েছে। মাত্র তিনটি রুমে দেড় শ শিক্ষার্থীর ক্লাস নিতে হয়।’বইয়ের সংকট প্রি-ক্যাডেট স্কুলে: প্রি-ক্যাডেট পরিচালনার অনুমতি থাকলেও সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা বই পাচ্ছে না। সরকার থেকে এদের বই দেওয়া হচ্ছে না। ফলে ঝিনাইদহের ৮৫টি প্রি-ক্যাডেটের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়েছে বইসংকটে। স্কুলগুলোর পরিচালকেরা জানান, তাঁদের প্রতিষ্ঠান সচল রাখাই কষ্টকর হয়ে পড়েছে। সদর উপজেলার বিষয়খালী বাজারে প্রতিষ্ঠিত প্রচেষ্টা প্রি-ক্যাডেটের পরিচালক আবু সাঈদ বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ১৮০ জন শিক্ষার্থী, সাতজন শিক্ষক ও সাতটি ক্লাস রুম রয়েছে। ১০ বছর হয়েছে এই প্রতিষ্ঠানের বয়স। এ বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রচেষ্টা প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। সরকার থেকে প্রি-ক্যাডেটে পড়ালেখা করা শিক্ষার্থীদের এবার বই দেওয়া হয়নি। ফলে আমরা খুবই সমস্যায় আছি। বাইরে থেকে বই সংগ্রহ করতে হচ্ছে। সরকার-পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেয়ে পড়ালেখায় আমাদের মান ভালো। তার পরও সরকারের দৃষ্টি এদিকে নেই।’ কালীগঞ্জ উপজেলার আল আমিন প্রি-ক্যাডেটের পরিচালক ইকবাল হোসাইন বলেন, ‘পয়সা থাকা সত্ত্বেও পরিবেশ না থাকায় অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে পারে না। প্রি-ক্যাডেটগুলো তাদের সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু বই না দিয়ে প্রি-ক্যাডেটগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে। জেলায় যে ৮৫টি প্রি-ক্যাডেট রয়েছে সবগুলোর অবস্থা একই। সরকার প্রি-ক্যাডেট বিদ্যালয়ে বই না দিলে প্রতিষ্ঠানগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।’এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘২০১০ সাল থেকে প্রি-ক্যাডেটগুলোতে সরকার থেকে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বই বিতরণ শেষ হলে সমস্যার সমাধান হবে।’ একই বিদ্যালয়ে ৩৯ বছর: শিক্ষক হাসনা বানু চাকরি জীবন শুরু করেন বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আগামী বছর জুলাই মাসে তিনি অবসরে যাবেন। মাঝের ৩৯ বছর কাটিয়েছেন একই শিক্ষাপ্রতিষ্ঠানে। হাসনা বানুর বাড়ি কালীগঞ্জ উপজেলার বেজপড়া গ্রামে। তিনি ওই গ্রামের সামছুল ইসলাম মাস্টারের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৭১ সালে বেজপাড়া স্কুল প্রতিষ্ঠার সময় চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। হাসনা বানু ছাড়াও ছিলেন কওছার আলী, গোপাল চন্দ্র বিশ্বাস ও অরবিন্দু অধিকারী। বেশ কিছু দিন স্কুলটি চললেও এর কোনো ভবন ছিল না। চাটাই দিয়ে তৈরি করা স্কুলেই পাঠদান করা হতো। ১৯৮৩ সালে বিদ্যালয়টি সরকারি বিদ্যালয়ে পরিণত হয়। এরপর বিদ্যালয়ের তিনজন শিক্ষক বদলি হয়ে যান। কিন্তু স্থানীয় হওয়ায় হাসনা বানু থেকে যান বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে হাসনা বানু বলেন, ‘চাকরি নিয়েছিলাম এই স্কুলেই। তখন স্কুলটি সরকারি ছিল না। সরকারি হওয়ার পর কখনো বদলি হতেই হবে, এমন ঘটনা ঘটেনি। অনেক শিক্ষা কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করেছেন, বদলি করা হলে সমস্যা আছে কি না? আমি নিজ গ্রাম হওয়ায় এখানেই থেকে যেতে চেয়েছি এবং থেকেও গেছি। এখানে দীর্ঘদিন থাকায় এলাকার মানুষের উপকারই হয়েছে বলে মনে করি। নিজের মনে করে প্রতিষ্ঠানে শ্রম দিয়েছি।’ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এক স্থানে বেশি দিন থাকা যাবে না—এমন কোনো বিধান নেই। দেখতে হবে ওই শিক্ষককে দিয়ে বিদ্যালয়ের কোনো ক্ষতি হচ্ছে কি না বা তিনি থাকলে কতটুকু উপকার হচ্ছে। সে ক্ষেত্রে ওই শিক্ষক দীর্ঘদিন নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন, অবশ্যই এলাকার মানুষ তাঁকে ভালো জানেন, তাই রেখেছেন। এটাও তাঁর জন্য একটা দৃষ্টান্ত বলে মনে করি।’একনজরে  মোট প্রাথমিক বিদ্যালয়: ১১৪৬টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪০৭টি।  বেসরকারি (রেজি.) প্রাথমিক বিদ্যালয়: ৪০৬টি।  কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়: ৩৭টি।  পিটিআই, শিশুকুঞ্জ ও এবতেদায়ি মাদ্রাসাসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়: ১১টি।  প্রি-ক্যাডেট স্কুল: ৮৫টি। এনজিও প্রতিষ্ঠিত স্কুল: ২০০টি। মোট শিক্ষার্থী: ২,০৪,৮২৮ জন। মোট শিক্ষক: ৪,০৯২ জন। ছাত্র-শিক্ষক অনুপাত: ৪৫: ১।