চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়িতে আবার হামলা চালানো হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে শহরতলির বালুছড়া এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন যুবক বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই শিক্ষক আহত হন। বাসটি চট্টগ্রাম শহর থেকে শিক্ষক নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিল। উপাচার্য আবু ইউসুফ বাসে হামলার জন্য আন্দোলনকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।জানা গেছে, হামলায় আহত শিক্ষকেরা হলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ইসমাইল মিয়া। এদিকে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রফিককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফের পদত্যাগ এবং আসাদের হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগ ক্যাম্পাসে লাগাতার অবরোধের ডাক দেয়। গত মঙ্গলবার ছাত্রলীগের কর্মীরা নগরের ষোলশহর দুই নম্বর রেলগেট এলাকায় শিক্ষকদের একটি বাসে আগুন দেন। এর আগে ছাত্রদের একটি বাসেও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহর থেকে বাসে করে শিক্ষকেরা ক্যাম্পাসে যাচ্ছিলেন। বাসটি বালুছড়া এলাকায় পৌঁছালে রাস্তার দুই দিক থেকে বাস লক্ষ করে অজ্ঞাত যুবকেরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাসের ছয়টি কাচের জানালা ভেঙে যায়। শরীরে ভাঙা কাচ ঢুকে শিক্ষক সালামত ও ইসমাইল আহত হন। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অধ্যাপক সালামত জানান, হামলার সময় তাঁদের গাড়িতে তিনজন শিক্ষক ও পাঁচ-ছয়জন কর্মচারী ছিলেন। উপাচার্য আবু ইউসুফ হামলার নিন্দা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেউ কেউ হামলা-ভাঙচুর করে সমাধানে পৌঁছাতে চাইছে। সমাধান চাইলে আমার সঙ্গে বসতে হবে। তবে কোনো অছাত্র নেতার সঙ্গে আমি বসতে রাজি নই।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বাসে হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে কিছু করা সম্ভব নয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের গুরুত্ব দিচ্ছে না। তাই উপাচার্যের পদত্যাগ—এই এক দফা দাবিতে আমরা আন্দোলনে যাচ্ছি।’আসাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রফিককে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম বলেন, ‘হত্যাকারীদের সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। রফিককে জিজ্ঞাসাবাদ করে আমরা তা যাচাই করব।’ গত শনিবার ক্যাম্পাসের পার্শ্ববর্তী ফতেহপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকের বাবা বজল আহমদ দাবি করেন, ‘পুলিশ আসল রফিককে না ধরে আমার ছেলেকে ধরেছে। আমার ছেলে আসবাবপত্র ব্যবসায়ী। সে কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুন করতে যাবে?’ক্যাম্পাস অচল: আসাদ হত্যাকারীদের গ্রেপ্তার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের ডাকা অবরোধে গতকাল রোববারও ক্যাম্পাস ছিল অচল। হলে থাকা কিছু ছাত্রছাত্রীকে ক্যাম্পাসে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। শিক্ষক-বাসে চোরাগোপ্তা হামলা ও শাটল ট্রেন বন্ধ করার মধ্যে তাদের কর্মসূচি সীমিত রেখেছে। গত মঙ্গলবার থেকে তাদের অবরোধ শুরু হয়।রিমান্ডের আবেদন: গত ২৯ মার্চ নিহত মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যা মামলায় পাঁচ ছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য গতকাল আদালতে আবেদন করেছেন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রব। আদালত এ ব্যাপারে আজ সোমবার শুনানির দিন ধার্যের আদেশ দেবেন। ১৫ এপ্রিল গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, শান্তনু মহাজন, অমিত বসু, রাসেল বড়ুয়া ও আসতারুল হক ওরফে আকতারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কায়সার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।