শিক্ষক মিজানুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার দুই আসামির বিরুদ্ধে আজ শনিবার দুপুরে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা তাঁকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, ৬৪ দিন তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম শিক্ষক মিজানুর হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন। এ মামলার আসামি মো. মামুনুর রশিদ ওরফে আসিফ আলী ও মো. আবদুল আউয়াল ওরফে রাজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় তদন্তের সময় সতর্কতা অবলম্বন করা হয়েছে। নাটোর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগপত্র দাখিল হওয়ায় নিহত শিক্ষকের স্ত্রী রাজিয়া সুলতানা ও মামলার বাদী মামুনুর রশিদ সন্তোষ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর দুপুরে স্থানীয় দুই বখাটে যুবক লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর রহমানকে আঘাত করে গুরুতর জখম করে। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৪ অক্টোবর রাতে তিনি মারা যান।