শিক্ষক মিজানুর হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে নিহত শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১৫ জানুয়ারি মামলার আসামিদের বক্তব্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক একরামুল হক চৌধুরী আজ রোববার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস ও মামলার তদন্ত কর্মকর্তা নাটোরের বাগাতিপাড়া থানার উপপরিদর্শক আবদুর রহিমের সাক্ষ্য গ্রহণ করেন।আজ রোববার পর্যন্ত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ২০১০ সালের ১২ অক্টোবর বখাটেদের হামলায় গুরুতর আহত হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রশিদ। ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। এ ব্যাপারে তাঁর ভাই মামুনুর রশিদ বাদী হয়ে স্থানীয় দুই বখাটে আবদুল আওয়াল ওরফে রাজন ও মামুনুর রশিদ ওরফে আসিফের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। নাটোরের অতিরিক্ত দায়রা জজ গত বছরের ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।রাষ্ট্রপক্ষের পিপি এনতাজুল হক বলেন, শিক্ষক মিজানুর রশিদের কলেজের ছাত্রী ও অভিযোগপত্রের ৭ নম্বর সাক্ষী দিলারা খাতুন, ১৭ নম্বর সাক্ষী ববিতা ইয়াসমিন ও ১৮ নম্বর সাক্ষী লিপি খাতুন আসামিপক্ষের লোকদের দ্বারা প্রভাবিত হয়ে তাঁদের মাইক্রোবাসে চড়ে গত ২৮ নভেম্বর সাক্ষ্য দিতে এসেছিলেন। অথচ এর আগে তাঁরা পুলিশের কাছে ও নাটোরের আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে বখাটে দুই আসামির দ্বারা কলেজের শিক্ষার্থীদের ইভটিজিংয়ের শিকার হওয়ার কথা জানান। এই সূত্র ধরে শিক্ষক মিজানুর রশিদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছিলেন। বিষয়টি জানার পর এনতাজুল হক তাঁদের সাক্ষী থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া লোকমানপুর কলেজের শিক্ষক এবং এই মামলার সাক্ষী ইমাম উদ্দিনকে আদালত বৈরী ঘোষণা করেন। এই মামলায় ৩০ জন সাক্ষী থাকলেও পাঁচ দিনে মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণকালে আসামিপক্ষে হামিদুল হক ও আবু বাকার এবং রাষ্ট্রপক্ষে পিপি এনতাজুল হক মামলা পরিচালনা করেন।