শিক্ষক মিজানুর হত্যা: আসিফ ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আসিফ হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মুখ্য বিচারিক হাকিম মজিবুর রহমান পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এবং তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, পুলিশ আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী লোকমান হোসেন জামিনের আবেদন করে রিমান্ডের বিরোধিতা করেন।তিনি আদালতকে জানান, আসামি আসিফ অসুস্থ। রিমান্ড আবেদন মঞ্জুর করা হলে আসামির প্রাণহানির আশঙ্কা রয়েছে। সরকার পক্ষ থেকে কোর্ট ইন্সপেক্টর (সিআই) জাহাঙ্গীর আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম আদালতকে জানান, অভিযুক্ত ব্যক্তিরা নিহত হওয়া কলেজ শিক্ষকের ছাত্রীদের উত্ত্যক্ত করেছিলেন। এ ব্যাপারে ওই শিক্ষক প্রতিবাদ করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা না হলে তদন্ত অসম্পূর্ণ থাকবে। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে আসামির স্বাস্থ্য সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। এদিকে তদন্ত কর্মকর্তা আগে দায়ের করা ‘হত্যা চেষ্টা’ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানিয়ে আদালতে আবেদন করেন। মামলাটি এখন থেকে হত্যা মামলা হিসেবে পরিচালিত হবে। এদিকে মামলার অন্য আসামি রাজনকে গ্রেপ্তার করতে পুলিশ গতকাল সোমবার রাতে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে।