শিক্ষক মিজানুরের অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব-বিদ্যালয়ের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আই-সিইউ) চিকিৎসাধীন নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানের (৩৬) অবস্থা অপরিবর্তিত রয়েছে। ‘ক্লিনিক্যালি ডেড’ মিজানুরকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে।ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় ১২ অক্টোবর বখাটে যুবকদের হামলায় গুরুতর আহত হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমান। তাঁকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ১৪ অক্টোবর তাঁকে বিএসএমএমইউতে আনা হয়। গত বুধবার তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়।বিএসএমএমইউর আইসিইউর সহযোগী অধ্যাপক কামরুল হুদা গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমানের অবস্থা আগের মতোই আছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে।’ তিনি জানান, আইসিইউর চিকিৎসকেরা মিজানুরকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছেন।মিজানুর রহমানের ভাতিজা আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, কখন চাচাকে ফিরে পাব; নাকি আর কখনোই তাঁকে পাব না। তাঁর অবস্থা অপরিবর্তিত—এ কথা ছাড়া চিকিৎসকেরা আর কিছুই বলছেন না।’লোকমানপুর কলেজ সূত্র জানায়, আসিফ আলী ও রাজন নামের স্থানীয় দুই বখাটে কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করত। ছাত্রীরা বিষয়টি মিজানুর রহমানকে অবহিত করলে তিনি তা অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে জানান। তিনি ওই দুই বখাটেকে এ বিষয়ে সতর্কও করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১২ অক্টোবর দুপুরে স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয় এবং তাঁর মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করে। আসিফকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।