শিক্ষক মিজানুরের অবস্থা এখনো সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় বখাটেদের হামলায় গুরুতর আহত নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানের (৩৬) অবস্থা এখনো সংকটাপন্ন। তাঁর গুরুতর অবস্থার কথা শুনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর গ্রামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তাঁর ওপর হামলার প্রতিবাদে লোকমানপুরজুড়ে কালো পতাকা উড়তে দেখা গেছে। বাগাতিপাড়ার লোকমানপুর কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক মিজানুর বর্তমান রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মিজানুরের অবস্থা সম্পর্কে আইসিইউর সহযোগী অধ্যাপক কামরুল হুদা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমান এখনো ক্লিনিক্যালি ডেড। তাঁর অবস্থা আগের মতোই সংকটাপন্ন।’হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে মিজানুরের পর্যবেক্ষণে নিয়োজিত একদল চিকিৎসক আইসিইউতে তাঁকে পর্যবেক্ষণ করেন।থমথমে লোকমানপুর: গতকাল দুপুরে লোকমানপুর গ্রামে ঢুকতেই দেখা যায়, রাস্তার দুই পাশে অসংখ্য কালো পতাকা উড়ছে। লোকমানপুর বাজারের ওষুধ ব্যবসায়ী আবদুল মতিন বলেন, ‘মিজান স্যার আমার দোকানের সামনে দিয়ে কলেজে যাতায়াত করতেন। মাঝেমধ্যে আমাদের খোঁজখবরও নিতেন। আমরা তাঁকে আমাদেরই একজন মনে করতাম। ছাত্র নামধারী দুই বখাটে যুবকের হাতে তাঁর এই পরিস্থিতি মেনে নিতে পারছি না।’লোকমানপুর বাজার ঘেঁষে লোকমানপুর রেলস্টেশন ও কলেজ। কলেজে গিয়ে সব শিক্ষক ও শিক্ষার্থীর বুকে কালো ব্যাজ দেখা যায়। প্রভাষক মিজানুর রহমানের কথা তুলতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, ‘আমরা ভাবতাম, মিজানের কোনো শত্রু থাকতে পারে না। কারণ তিনি কখনোই না হেসে কারও সঙ্গে আলাপ করতেন না। শিক্ষকদের কমনরুম মাতিয়ে রাখতেন। ক্লাসেও তিনি ছিলেন জনপ্রিয়।’অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে আমার আগে ওনাকে বলত। পরে তিনি আমাকে জানাতেন। এবারের ঘটনাটাও (ইভ টিজিং) ঠিক তেমনি। মেয়েরা তাঁর কাছে বখাটেদের উৎপাতের কথা প্রথম বলেছে। তিনি আমাকে জানান। গ্রামের ব্যাপার। মেয়েদের অভিভাবকদের অনুরোধে বিষয়টি নিয়ে ব্যাপক জানাজানি করিনি। তবে কলেজ ব্যবস্থাপনা কমিটিকে বলেছিলাম। এরপর এত দ্রুত এই ঘটনা ঘটবে ভাবতেও পারিনি।’প্রভাষক মিজানুরের সহকর্মী ইমাম হোসেন বলেন, ‘ঘটনার দিন তাঁর (মিজানুর) পেছনে পেছনে আমি যাচ্ছিলাম। কৃষ্ণা ফার্মের আখখেতের সামনে তিনি মোটরসাইকেল থামিয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় দেখলাম আসিফ আলী ও রাজন একটি মোটরসাইকেল দিয়ে তাঁকে ধাক্কা দিল। মিজান স্যারের সঙ্গে সঙ্গে আসিফও পড়ে গেল। কিন্তু পেছন থেকে রাজন লোহার রড দিয়ে স্যারকে আঘাত করল। এর পর থেকে আর কিছুই ভাবতে পারছি না আমি।’ইমাম হোসেন আরও বলেন, ‘দুজন ছাত্রের হাতে মিজান ভাই মারা যাবেন, এটা কী করে সম্ভব? আমরা হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। নইলে আমরা ছাত্র পড়ানো বন্ধ করে দেব। আমরা মানুষ গড়তে এসেছি, মরতে আসিনি।’আসিফ ও রাজন সম্পর্কে এলাকাবাসী: খোঁজ নিয়ে জানা যায়, আসিফ ও রাজন সম্পর্কে শ্যালক-দুলাভাই। মাস তিনেক আগে রাজন আসিফের এক বোনকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন। রাজনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় স্থানীয় তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র দোহাকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। আসিফ ও রাজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদে নেই। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সঙ্গেও তাঁদের সুসম্পর্ক রয়েছে। দুজনই তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র।লোকমানপুর কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসিফ ও রাজনকে লাল রঙের ১৫০ সিসির একটি মোটরসাইকেলে প্রায়ই দ্রুতগতিতে ঘুরতে দেখা যায়। কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাতেন। স্কুল-কলেজ ছুটি হলে তাঁদের যাতায়াত বেড়ে যেত। তাঁরা বহুবার দুর্ঘটনাও ঘটিয়েছেন বলে ওই শিক্ষক জানান।আসিফের বাবা আবদুর রশিদ বাগাতিপাড়া উপজেলা পরিষদের একজন হিসাব নিরীক্ষক। প্রথম আলোকে তিনি বলেন, ‘আসিফের মামারা শখ করে তাঁকে মোটরসাইকেল কিনে দিয়েছেন। ওই মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত প্রভাষক মিজান সাহেব আহত হন। আমার ছেলেও ওই ঘটনায় আহত হয়েছিলেন। ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সঠিক নয়। আমার জামাতা রাজনের ব্যাপারে আমি তেমন কিছু জানি না।’অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রসঙ্গত, আসিফ ও রাজন দীর্ঘদিন ধরে লোকমানপুর কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে শিক্ষক মিজানুর বখাটে আসিফ ও রাজনকে সতর্ক করলে তাঁরা ক্ষিপ্ত হন। ১২ অক্টোবর দুপুরে আসিফ ও রাজন স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেন এবং মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়।