শিক্ষক মিজানুরের আদর্শ ছড়িয়ে যাক সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষক মিজানুর রহমানের মরদেহ দাফন হবে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ছাত্রীরা। কাঁদছেন মা জাহেরা বেগম, স্ত্রী রাজিয়া সুলতানা, কাঁদছে গ্রামবাসী। মিজানুরের মৃত্যু কাঁদিয়েছে দেশের অনেক মানুষকে। তবে এই কান্না ছাড়িয়ে নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে ছিল প্রতিবাদ। সবাই এই শিক্ষকের হত্যাকারী বখাটেদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আর তাঁর ছাত্রীরা প্রিয় শিক্ষকের মতো দেশের অন্য সবাইকেও বখাটেদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বখাটেদের হামলায় নিহত কলেজশিক্ষক মিজানুর রহমানের জানাজার আগে একটি সমাবেশ হয়। সমাবেশে শিক্ষকের মরদেহের পাশে দাঁড়িয়ে তাঁর ছাত্রীরা বলেন, ‘আমাদের জন্যই স্যারকে জীবন দিতে হলো, এটা কোনোভাবেই মানতে পারছি না। তবে অঙ্গীকার করছি, আমরা স্যারের নীতি ও আদর্শ মেনে চলব।’গতকাল সকাল সাড়ে সাতটায় গ্রামের বাড়ি থেকে মিজানুরের মরদেহ পৌঁছায় লোকমানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে জড়ো হয় ছাত্রসহ হাজারো মানুষ। সকাল সোয়া আটটায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার আগে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ লোকজনের উদ্দেশে বক্তব্য দেন লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নওশের আলী, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়ামিন খান প্রমুখ।মতিয়ার রহমান বলেন, ‘যে কাজটি আমার করা উচিত ছিল, সেটা করতে গিয়ে তাঁকে (মিজানুর) জীবন দিতে হলো। এ কষ্ট আমি ভুলতে পারছি না। আমরা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ইউএনও ইয়ামিন খান বলেন, ‘আমরা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন।’জানাজা শেষে সকাল পৌনে নয়টায় মরদেহ নিয়ে শোকযাত্রা বের হয়। হাজারো মানুষ কালো পতাকা নিয়ে শোকযাত্রায় যোগ দেয়। শোকযাত্রা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় চারঘাট উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামে।সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় গ্রামের চৌমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেখানেও মানুষের ঢল নামে। এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা আসেন জানাজায় অংশ নিতে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অলিখিত ছুটি হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।মিজানুর রহমানের শিক্ষক এবং ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তজিম উদ্দিন বলেন, ‘তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। মিজানুর ছাত্র হিসেবেও ছিল, মানুষ হিসেবেও ভালো ছিল। এ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।’ জানাজা পড়ান মিজানুরের শিক্ষক ডাকরা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান। তিনি বলেন, ‘মিজানুর রহমান সম্পর্কে কেউ কোনো দিন একটা খারাপ কথা শোনেনি। এমন ভালো মানুষের এমন মৃত্যু মেনে নেওয়া বড়ই কষ্টের।’ রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা জানাজায় যোগ দেন।মরদেহ দাফনের সময়ও মিজানুরের স্ত্রী রাজিয়া সুলতানা ও মা জাহেরা বেগম অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর একমাত্র শিশুকন্যা নুসাইবা রশিদ মম বাড়িতে এত মানুষ দেখে চুপচাপ হয়ে যায়। সে শুধু সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল।ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাগাতিপাড়ার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানের ওপর গত ১২ অক্টোবর হামলা চালায় বখাটেরা। গত শনিবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।নাটোর বন্ধুসভার মানববন্ধন: বখাটেদের হামলায় কলেজশিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে প্রথম আলো নাটোর বন্ধুসভা গতকাল বিকেলে নাটোর শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বন্ধুসভার সদস্যসহ শেরেবাংলা উচ্চবিদ্যালয়, মহারাজা জে এন উচ্চবিদ্যালয়, নববিধান বালিকা উচ্চবিদ্যালয়, গ্রিন একাডেমি ও বনলতা উচ্চবিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। শহরের পূর্ব বাইপাস থেকে ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে হাত ধরে মানববন্ধন রচনা করেন।প্রধানমন্ত্রীর প্রতিনিধির সফর: প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে গতকাল দুপুরে মিজানুর রহমানের বাড়িতে যান নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীতারা বেগম। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং পরিবারের সমস্যা জানতে চান।মিজানুরের স্ত্রী রাজিয়া সুলতানা এ সময় একটি চাকরির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তাঁর শিক্ষাগত যোগ্যতার (রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর) কাগজপত্র নিয়ে যান সীতারা বেগম। বিষয়টি নিশ্চিত করে সীতারা বেগম প্রথম আলোকে জানান, কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।জড়িতদের বিচার দাবি: মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। আলাদা পাঠানো এসব শোক বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। গতকাল এক তথ্য বিবরণীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মন্ত্রী বলেন, ইভ টিজিংয়ের বিরুদ্ধে মিজানুর রহমানের অবস্থান উন্নত সমাজ গঠনে জাতিকে উদ্বুদ্ধ করবে। এ ঘটনায় শোক প্রকাশ এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, নারীপক্ষ, জাতীয় যুবজোট ও সাংসদ শাহিরয়ার আলম।মানববন্ধন: মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, শিক্ষক মিজানুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মির্জাপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোকযাত্রা ও সমাবেশ করেছেন। দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে শোকযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজে অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উপাধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।চাঁদপুর প্রতিনিধি জানান, মিজানুর রহমান হত্যার বিচার দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষকেরা। কলেজের উপাধ্যক্ষ দেলোয়ার আহমেদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ থেকে শহরের নতুনবাজার-পুরানবাজার সেতুর ওপর এসে মানববন্ধন রচনা করেন। সেখানে বক্তব্য দেন দেলোয়ার আহমেদসহ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন, শিক্ষক হাসান আলী, ফেরদৌসি বেগম, মাসুদা নুর খান প্রমুখ।ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান, উপজেলার বঙ্গবন্ধু কলেজে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে শোকসভায় যোগ দেন। অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দের সভাপতিত্বে সভায় ইভ টিজিং প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও মিজানুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।দিনাজপুর অফিস জানায়, মিজানুর রহমানকে হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, কেবিএম কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, সংগীত ডিগ্রি কলেজ ও বিরল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা গতকাল কালো ব্যাজ ধারণ করেন। পরে দুপুরে শিক্ষক নেতাদের কয়েকজন দিনাজপুর প্রেসক্লাবে গিয়ে জানান, আজ মঙ্গলবার মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে তাঁরা প্রতিবাদ সমাবেশ করবেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন।