শিক্ষক মিজানুরের লাশ দাফন, জানাজায় মানুষের ঢল
শিক্ষক মিজানুর রহমানকে আজ সোমবার রাজশাহীর চারঘাট উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে তাঁর দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় শিক্ষকের দাফন উপলক্ষে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অলিখিতভাবে ছুটি হয়ে যায়। আজ সকাল আটটায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর গ্রামের লোকমানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা হয়। সকাল সাড়ে সাতটায় গ্রামের বাড়ি থেকে মিজানুরের মরদেহ স্কুল মাঠে পৌঁছামাত্র অগণিত ছাত্র-জনতা তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় জমায়। জানাজা শেষে সকাল পৌনে নয়টায় মরদেহ নিয়ে শোকযাত্রা বের করা হয়। এ সময় জনতা কালো পতাকা উড়িয়ে শোক প্রকাশ করে। পরে মরদেহ আবার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের চৌমোহিনী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা এসে জানাজায় অংশগ্রহণ করে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে আসে এবং অলিখিত ছুটি হয়ে যায়। চকলক্ষ্মীপুর গ্রামে এ জানাজায় অংশ নিতে রাজশাহী থেকে এসেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, পাকা ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। মিজানুরের লাশ দাফনের সময় তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ও মা জাহেরা বেগম অচেতন অবস্থায় ছিলেন। ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় ১২ অক্টোবর বখাটে যুবকদের হামলায় গুরুতর আহত মিজানুরকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে আনা হয়।আসিফ আলী ও রাজন নামের দুই স্থানীয় বখাটে কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করত। ছাত্রীরা বিষয়টি মিজানুর রহমানকে জানালে তিনি তা অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে জানান। তিনি ওই দুই বখাটেকে এ বিষয়ে সতর্কও করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১২ অক্টোবর দুপুরে স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয় এবং তাঁর মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করে। আসিফকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।