শিক্ষক রঞ্জিতের ঘর ও মাদ্রাসার নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সেই আলোচিত মাদ্রাসাশিক্ষক রঞ্জিত কুমার রায়ের পরিবারের বসবাসের জন্য একটি ঘর ও মাদ্রাসার জন্য একটি শ্রেণীকক্ষ নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এ কাজ শুরু হয়।বেড়াকুটি বড়ুয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রঞ্জিতের আধাপাকা ঘরের ভিত্তি দেন তাঁর বড় ভাই স্কুলশিক্ষক অনিল কুমার রায়। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রথম আলোর সহযোগিতায় এত বড় একটা কাজ শুরু হলো।’ এই প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় আনন্দে আপ্লুত রঞ্জিতের স্ত্রী সইব্যা রানী বলেন, ‘এত দিন শুনেছি প্রথম আলো আমাদের ঘর করে দিবে। কিন্তু আজ কাজ শুরু করায় খুবই ভালো লাগছে।’ তিনি বলেন, ‘আপনারা অসহায়দের দিকে হাত বাড়িয়েছেন, এ ঋণ আমরা শোধ করতে পারব না।’মাদ্রাসাশিক্ষক রঞ্জিত বলেন, ‘প্রথম আলোসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাকে সহযোগিতা করেছে এবং করছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঈশ্বর তাদের মঙ্গল করবে।’ তিনি মাদ্রাসাটি এমপিওভুক্ত করার জোর দাবি জানান।বেড়াকুটি বড়ুয়া দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষ ও রঞ্জিতের ঘরের নির্মাণকাজ শুরুর সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. মেরাজ উদ্দিন, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম প্রমুখ। এ সময় মেরাজউদ্দিন বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আপনারা এত কিছু করছেন, এ জন্য এলাকার মানুষ কৃতজ্ঞ এবং খুবই খুশি।’দরপত্র আহ্বান করা হলে তিনজন প্রথম শ্রেণীর ঠিকাদার এই নির্মাণকাজে অংশ নেন। তাঁদের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে আবিদ হোসেন পাঁচ লাখ ২০ হাজার টাকায় কাজটি করার জন্য নির্বাচিত হন। এক মাসের মধ্যে কাজটি শেষ হবে বলে জানান তিনি।‘এক বেলা শিক্ষকতা অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে চলতি বছরের ৯ মার্চ প্রথম আলোর শেষের পাতায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য পাঠকের অনুরোধে প্রথম আলো মাদ্রাসা ও রঞ্জিতের থাকার জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এ কাজের সঙ্গে যুক্ত হতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। ওই তহবিলে বর্তমানে জমা আছে দুই লাখ ৩০ হাজার টাকা। আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শিক্ষক রঞ্জিতের ঘর ও মাদ্রাসার নির্মাণকাজে অংশ নিতে প্রথম আলো কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।