শিক্ষক রঞ্জিতের ঘর ও মাদ্রাসার নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সেই আলোচিত মাদ্রাসা শিক্ষক রঞ্জিত কুমার রায়ের মাদ্রাসা এবং তাঁর পরিবারসহ বসবাসের জন্য একটি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এর নির্মাণকাজ শুরু হয়।বেড়াকুটি বড়ুয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রঞ্জিতের আধাপাকা ঘরের ভিত্তি দেন তাঁর বড় ভাই স্কুলশিক্ষক অনিল কুমার রায়। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রথম আলোর সহযোগিতায় আজ এত বড় একটা কাজ শুরু হলো।’ এই প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এ সময় আনন্দে আপ্লুত রঞ্জিতের স্ত্রী সইব্যা রানী বলেন, ‘এত দিন শুনেছি প্রথম আলো আমাদের ঘর করে দেবে। কিন্তু আজ কাজ শুরু করায় খুবই ভালো লাগছে। আপনারা অসহায় ব্যক্তিদের পাশে হাত বাড়িয়েছেন। এ ঋণ আমরা শোধ করতে পারব না।’মাদ্রাসাশিক্ষক রঞ্জিত বলেন, ‘প্রথম আলোসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাকে সহযোগিতা করেছে এবং করছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঈশ্বর তাদের মঙ্গল করবে।’ তিনি মাদ্রাসাটি এমপিওভুক্ত করার জোর দাবি জানান।বেড়াকুটি বড়ুয়া দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষ ও রঞ্জিতের ঘরের নির্মাণকাজ শুরু করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের কর্মী ফেরদৌস ফয়সাল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. মেরাজ উদ্দিন, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান ও সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম প্রমুখ। এ সময় মেরাজউদ্দিন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আপনারা এত কিছু করছেন। এ জন্য এলাকার মানুষ কৃতজ্ঞ এবং খুবই খুশি।এই নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বান করা হলে তিনজন প্রথম শ্রেণীর ঠিকাদার এতে অংশ নেন। তাঁদের মধ্যে সর্বনিম্ন দরদাতা আবিদ হোসেন পাঁচ লাখ ২০ হাজার টাকায় কাজটি করার জন্য নির্বাচিত হন। এক মাসের মধ্যে কাজটি শেষ হবে বলে জানান তিনি।এখনো সহায়তা করতে পারেন: ‘এক বেলা শিক্ষকতা, অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে গত ৯ মার্চ প্রথম আলোর শেষের পাতায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য পাঠকের অনুরোধে প্রথম আলো মাদ্রাসার ঘর ও রঞ্জিতের থাকার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এ কাজের সঙ্গে যুক্ত হতে অনেকে হাত বাড়িয়েছেন। বর্তমানে এই তহবিলে জমা হয়েছে দুই লাখ ৩২ হাজার টাকা। আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে অংশ নিতে আর্থিক সহায়তা দিতে পারেন। প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৯১৪৬০০৭৭০