শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত বখাটেদের বিচারের দাবিতে আজ বুধবার রংপুরের পীরগাছার দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। বখাটেরা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ জানিয়েছিলেন ওই শিক্ষক।এলাকাবাসী ও কলেজ সূত্রে জানা যায়, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের বর্ষপূর্তি ও নবীনবরণ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে চৌধুরাণী রামচন্দ্রপাড়া গ্রামের জাহিদুল (৪০), আজাদুল (৩৬), আনার মিয়াসহ (৩৪) বেশ কয়েকজন বখাটে কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় কলেজের শিক্ষক আফজাল হোসেন এর প্রতিবাদ করলে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দেন। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে বখাটেরা শিক্ষক আফজাল হোসেন, এমদাদ হোসেন ও আমিনুল ইসলামকে টেনেহিঁচড়ে রাস্তায় এনে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন।এ ঘটনায় বখাটেদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা আজ বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত কলেজের সামনে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চৌধুরাণী রেলস্টেশনে ২১-আপ পদ্মরাগ মেইল ট্রেনের চার-পাঁচটি হোসপাইপ খুলে নিলে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। এতে লালমনিরহাট-সান্তাহার রেল সেকশনে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম আরিফ জানান, কলেজপরিচালনা কমিটির জরুরি সভায় বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদী হয়ে তিন বখাটেকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।