শিক্ষক-শিক্ষার্থীদের লাঠিপেটা, রাবার বুলেট নিক্ষেপ, আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ গতকাল শনিবার তিন দফায় লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে পাঁচ শিক্ষক-কর্মকর্তাসহ ৭০ জন আহত হয়েছেন।উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুই দিন আগে নেওয়া চার শিক্ষক ও দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। উপাচার্য মু. আবদুল জলিল মিয়া এ সিদ্ধান্তের কথা জানান। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আবদুল জলিল মিয়াকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ দিয়েছে মন্ত্রণালয়। নতুন উপাচার্য হিসেবে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নামও প্রস্তাব করা হয়েছে। শিগগিরই এই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ পাবেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুই দিন আগে চার শিক্ষক ও দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা দুর্নীতিবিরোধী গণমঞ্চের আহ্বানে শিক্ষক-শিক্ষার্থীরা সকাল নয়টায় একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। সকাল সাড়ে নয়টায় শিক্ষক-শিক্ষার্থীদের একটি মিছিল উপাচার্যের বাসবভন ঘেরাও করে। এ সময় উপাচার্য তাঁর বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে কে বা কারা তিনটি ককটেল ফাটায়। এর পরই পুলিশ মারমুখী হয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক-শিক্ষার্থীদের লাঠিপেটা করে।শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশ আরও মারমুখী হয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে আন্দোলনকারীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।বেলা দুইটার দিকে ক্যাম্পাসের সামনে পার্কের মোড় থেকে ক্যাডেট কলেজ মোড় পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। সেখানেও পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।উপাচার্যবিরোধী দুর্নীতিবিরোধী গণমঞ্চের অন্যতম উদ্যোক্তা ও গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু হঠাৎ পুলিশ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মারধর করে। এতে কয়েকজন শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।’আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ শিক্ষক-কর্মকর্তা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ প্রামাণিক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক আসিফ আল মতিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, সহকারী প্রক্টর শফিক আশরাফ ও সহকারী রেজিস্ট্রার জাহিদুর রহমান।এদিকে ক্যাম্পাসে ককটেল ফাটানোর সময় মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব হোসেনকে একটি ককটেলসহ পুলিশ গ্রেপ্তার করে। রাজীব গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর দায়েরকৃত মামলার আসামি।অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান বলেন, পরিস্থিত অনুকূলে রাখতে পুলিশ ৬০টি রাবার বুলেট ও ৭০টি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।শিগগিরই নতুন উপাচার্য: উপাচার্য আবদুল জলিল মিয়ার মেয়াদ শেষ হবে আগামী ৭ মে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সরিয়ে দিয়ে নতুন উপাচার্য নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ উপাচার্যের দুর্নীতি নিয়ে গত জানুয়ারি মাস থেকে বিশ্ববিদ্যালয়টিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঞ্জুরি কমিশন তদন্ত করে আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়। প্রতিবেদনে দুর্নীতির চিত্র তুলে ধরে উপাচার্যকে রংপুরে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী উপাচার্য নিজেই নিয়োগ বোর্ডে থেকে ১১ জন নিকটাত্মীয়কে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন। অথচ আইন অনুযায়ী নিকটাত্মীয় প্রার্থী থাকলে সেই বোর্ডের সভাপতি বা সদস্যের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের অনিয়মের চিত্র তুলে ধরা হয় তদন্ত প্রতিবেদনে।