শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন, আশা শিক্ষামন্ত্রীর
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্য হাবিবুর রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও বুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে আজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।সহ-উপাচার্যের অব্যাহতির পর বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকাল সোমবারই ক্লাসে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সহ-উপাচার্যকে অব্যাহতির প্রজ্ঞাপন জারির পর আজ রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করব শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকালই ক্লাসে ফিরবেন। আমরা তাঁদের প্রত্যাশা পূরণ করতে কাজ করেছি। আমি আশা করি তাঁরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন।’শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা তাঁদের শ্রেণীকক্ষে দেখতে চাই। শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে। এতে তাঁদের ক্ষতি হয়েছে।’ এই ক্ষতি পোষানোর জন্য যা যা করা প্রয়োজন, তা-ই করবেন বলেও তিনি জানান।এর আগে রাষ্ট্রপতি ও আচার্য বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মুহাম্মদ শফিউল আলম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, বুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার ব্যাপারেও আজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর আগে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ৩ সেপ্টেম্বর বৈঠক করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী সহ-উপাচার্যকে প্রত্যাহার, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়াসহ বেশ কিছু আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় সহ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হলো।