শিক্ষক-শিক্ষার্থীরা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয়া দেবী। সিলেট জালালাবাদ ক্যাটনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। তিনি বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি বলেন, ‘কোচিং সেন্টার একজন শিক্ষার্থীর জন্য সহায়ক হতে পারে, কিন্তু এটির ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক হবে না। কারণ, নিজের সঠিক মেধা বিকাশে কোচিং সেন্টারের সিলেবাসের বাইরে অবশ্যই পড়াশোনা করতে হবে।’ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়ছেন মুহাতামিম এমি। তিনি গতবার সিলেট মদনমোহন কলেজ থেকে পাস করেছেন। তিনি বলেন, ‘ভালো কোচিং সেন্টারগুলো থেকে কিছুটা ভালো শিক্ষা পাওয়া যেতে পারে। তবে নামসর্বস্ব মানহীন কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের কোনো কাজেই আসে না।’ শাহজালাল উচ্চবিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ‘এ’ পেয়েছেন শাওন নাথ। তিনি বর্তমানে ক্যান্টনমেন্ট কলেজে পড়ছেন। তিনি বলেন, ‘আমি কোনো কোচিং সেন্টারে পড়িনি। অনেক কোচিং সেন্টার শিক্ষার্থীদের টানতে লোভনীয় সব অফার দেয়। এ ধরনের নগ্ন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো হতে পারে না।’ সিলেট এমসি কলেজের অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, ‘কোচিং সেন্টারে কোনো ধরনের ইতিবাচক দিক নেই, এখানের সবকিছুই নেতিবাচক। আমি মনে করি, প্রথমেই অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের শ্রেণীকার্যক্রমে আরও মনোযোগী হতে হবে। তবেই কোচিংবিমুখতা তৈরি হবে। অবশ্য শিক্ষকদেরও আন্তরিকভাবে শেখানোর মানসিকতা নিয়ে শিক্ষকতা করতে হবে।’ সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, ‘কোচিং সেন্টারের বিষয়টি একেবারেই সমর্থনযোগ্য নয়। তার পরও যদি এসব কোচিং সেন্টারে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যেত, তাহলে শিক্ষার্থীরা উপকৃত হতো। কিন্তু সেটা তো হচ্ছে না। এসব কোচিং সেন্টারের ওপর কোনো ধরনের তদারকি না থাকার কারণে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো মানহীন প্রতিষ্ঠান গড়ে উঠছে।’সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ বলেন, ‘কোচিং সেন্টারের বিষয়টি আমি কোনোভাবেই সমর্থন করি না। এটা একটা ব্যবসা। আপাত দৃষ্টিতে মনে হয় ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে। কিন্তু এটি ঠিক নয়। এখানে গিয়ে বরং শিক্ষার্থীরা নিজস্ব মেধা হারিয়ে ফেলছে। এখানে জ্ঞানের বিকাশ ঘটে না। কোচিং সেন্টারে কীভাবে ভালো ফলাফল করতে হয় সেভাবেই পড়ানো হয়। সার্বিক দিক বিবেচনা করে বলা যেতে পারে, শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পড়ে নিজেদের মেধাকে নষ্ট করছে।’