শিক্ষক সংকটে ছাত্রী সংকট
ধারাবাহিক শিক্ষক স্বল্পতায় নাটোরের ঐতিহ্যবাহী সিংড়া সরকারি বালিকা বিদ্যালয়ে ছাত্রী সংকট দেখা দিয়েছে। বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীতে ন্যূনতম ২০০ ছাত্রী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৫০ জন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলা পরিষদ ঘেঁষে ১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ভালো ফলাফল ও ছাত্রীদের ব্যাপক উপস্থিতি বিবেচনা করে ১৯৮৭ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।কিন্তু এরপরই বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাপনা ভেঙে পড়তে শুরু করে। অভিজ্ঞ শিক্ষকদের অন্যত্র বদলি করা হয়। সদ্য চাকরি পাওয়া শিক্ষকেরা এখানে নিয়োগ নিয়ে যোগদানের পরপরই তদবির করে অন্যত্র চলে যেতে থাকেন।এ অবস্থায় বিদ্যালয়ে চরম শিক্ষক স্বল্পতা দেখা দেয়। গত ছয় বছর ধরে এখানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। জ্যেষ্ঠ শিক্ষিকা বিলকিস আক্তার বানু চলতি দায়িত্বে থেকে প্রধান শিক্ষকের কাজ করছেন। ভূগোল বিষয়ের শিক্ষক নেই গত দেড় বছর ধরে। গত এক বছর ধরে কৃষি বিষয়ের শিক্ষকও নেই। ইংরেজির শিক্ষকের পদও দুই মাস ধরে শূন্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বলে, ‘অনেক আশা নিয়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছিলাম। সামনে আমাদের এসএসসি পরীক্ষা। অথচ শিক্ষক না থাকায় ভূগোল ও কৃষি বিষয়ে কোনো ক্লাসই হয়নি।’এদিকে বিদ্যালয়টিতে শিক্ষক নেই—এমন কথা জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় অভিভাবকেরা এখানে সন্তানদের ভর্তি করাচ্ছেন না। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়ে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও বর্তমানে আছে মাত্র ১৫০ জন। দশম শ্রেণীর ছাত্রীর সংখ্যা মাত্র ১৪ জন। তবে গণিতের শিক্ষক জাকারিয়া মাসুম বলেন, ‘আমরা প্রাইভেট পড়াই না বলে শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ভর্তি হতে চায় না। আবার এখানকার শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য গেলে তাদের পড়ানো হয় না। আমাদের ছাত্রী ও অভিভাবকদের মানসিক চাপে ফেলে দেন। তা ছাড়া আমাদের শিক্ষক স্বল্পতা তো রয়েছেই। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস আক্তার বলেন, বহু লেখালেখি করেছি। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের শিক্ষক সংকটের কোনো সুরাহা করছে না। আবার যাদের এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁরা শিক্ষকতা পেশায় একেবারেই নতুন। এসেই তাঁরা প্রশিক্ষণে চলে যাচ্ছেন। কখনো বদলি হয়ে শহরের বিদ্যালয়ে নিয়োগ নিচ্ছেন। তিনি আরও বলেন, আমরা ছাত্রীদের প্রাইভেট না পড়িয়ে অতিরিক্ত ক্লাস নিচ্ছি। এসএসসি পরীক্ষার আগে বাড়তি যত্ন নিচ্ছি। তাতে পাসের হার বাড়লেও জিপিএ-৫-এর সংখ্যা বাড়ছে না। কারণ অভিভাবকেরা মেধাবী ছাত্রীদের এখানে ভর্তি করান না।