ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত রবি ও সোমবারের ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি আগামী রোববার পর্যন্ত সব ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। দোষীদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতি বৃহস্পতিবার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থী প্রহারে জড়িত শিক্ষকদের বিচার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ বুধবার পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে।এদিকে ওই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে কাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।রোববার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ করার জের ধরে ছাত্রলীগের একাংশ রাতে প্রক্টরের বাসার সামনে ভাঙচুর করে। এর প্রতিবাদে সোমবার শিক্ষক সমিতি মৌন মিছিল বের করলে ছাত্রলীগের কর্মীরা কটূক্তি করেন। শিক্ষকেরা সেখান থেকে চার শিক্ষার্থীকে ধরেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। এ নিয়ে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন এবং একপর্যায়ে শিক্ষকদের ধাওয়া, তাঁদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ শিক্ষকসহ ২০ জন আহত হন। এ সময় ব্যাপক ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।ওই ঘটনার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য ও জীবাণুবিদ্যা বিভাগের গ্যালারিতে শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত সভা শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত সভা চলে। সভা সূত্র জানায়, সভায় ১৮৬ জন শিক্ষক অংশ নেন। সভার শুরুতেই প্রক্টরের বাসভবনে ভাঙচুর, শিক্ষক লাঞ্ছনা এবং ভাঙচুরসহ সরকারি সম্পত্তি বিনষ্টের ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হয়। সভায় আগামী রোববার পর্যন্ত সব ক্লাস বর্জনের সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয়কে চলমান রাখার স্বার্থে পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। দায়ী ছাত্রদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সভায় কাল বৃহস্পতিবার পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়।সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে রোববার বেলা ১১টায় বৈঠক করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।এদিকে বাকৃবি শাখা ছাত্রলীগ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে প্রক্টরের পদত্যাগ ও দায়ী শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনকে আজ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন। বক্তব্যে বলা হয়, ভাঙচুরসহ শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ছাত্রলীগকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জব্বারের মোড়ে অকথ্য কটূক্তির অভিযোগে কোনো তদন্ত ছাড়াই প্রক্টর মো. আবু হাদী নূর আলী খানের নেতৃত্বে বিএনপি-জামায়াত ও কিছু আওয়ামীপন্থী শিক্ষক ছাত্রদের নির্মমভাবে পিটিয়েছেন, যা কোনো সভ্য সমাজের কাম্য নয়। কাজেই আমরা প্রক্টরের পদত্যাগসহ জড়িত শিক্ষকদের আজ বুধবারের মধ্যে বিচার দাবি করছি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য সব ছাত্র সংগঠনকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ছাত্রলীগ অভিযোগ করে, সম্প্রতি এক রাতে তাপসী রাবেয়া হলে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা এক ছাত্রীকে মারধর করেছেন। তাঁর কোনো বিচার প্রশাসন করেনি। শিক্ষকেরা আবারও ছাত্রদের মারধর করলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রক্টরের বাসভবনে হামলার অভিযোগ খতিয়ে দেখতে বাকৃবি ছাত্রলীগ সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আজকের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে ছাত্রলীগের কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল-আজাদ, মোস্তাইন কবির, অপু, সাজেদ, রায়হান, কায়সার, কবির, হাবিব, তপু প্রমুখ।তদন্ত কমিটি: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান প্রথম আলোকে জানান, সার্বিক ঘটনা তদন্তে প্রশাসন গতকাল পশুপুষ্টি বিভাগের অধ্যাপক মো. জসিমউদ্দিন খানকে সভাপতি, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দিনকে সদস্য এবং অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করেছে।ছাত্রদের মারধরের অভিযোগ অস্বীকার করে প্রক্টর আবু হাদী নূর আলী খান বলেন, ‘আমি ছাত্রদের মারধর করিনি। আমি কেবল বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আগে কখনো ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’সোমবার ছাত্রলীগের কর্মীদের নিক্ষিপ্ত ইটে আহত পোলট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুবাস চন্দ্র দাস বিকেলে কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার শারীরিক আঘাত হয়তো ১৫ দিন-এক মাস পর ঠিক হয়ে যাবে, কিন্তু ভ্রাতৃসম ছাত্রদের কাছ থেকে আমি অন্তরে যে ব্যথা পেয়েছি, তা হয়তো মৃত্যু পর্যন্ত ভুলতে পারব না।’বাকৃবি শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে বিরাজমান বিশৃঙ্খল পরিবেশের প্রতিবাদে ও অস্থিরতা দূর করার দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম মিঞা ও ছাত্রফ্রন্টের সভাপতি সেঁজুতি চৌধুরী বিবৃতিতে ক্যাম্পাসে বিরাজমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ক্যাম্পাসে যেকোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত এক প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে সংগঠনের একটি দল দুপুরে ঢাকা থেকে বাকৃবির উদ্দেশ্যে রওনা হন। এ বিষয়ে নাজমুল বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ে কী হয়েছিল, তা জানতে আমরা যাচ্ছি। ওই ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’