জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবরোধে গতকাল শুক্রবারের পূর্বনির্ধারিত সিনেট সভা হয়নি। এ সভায় বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থ-বছরের বাজেট পাস হওয়ার কথা ছিল।সিনেট সভা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। গতকাল বিকেল চারটায় ৩২তম এই সভা হওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে শিক্ষক সমিতির সদস্যরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। এতে সিনেট সদস্যরা সেখানে ঢুকতে না পেরে ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থান নেন।শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদারকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান উপাচার্য আনোয়ার হোসেন। এতে তিনি অপারগতা জানালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে সিনেট সদস্যদের সঙ্গে বৈঠক করেন।পরে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আজ (শুক্রবার) সিনেটের কোরাম পূর্ণ থাকা সত্ত্বেও শিক্ষকদের কর্মসূচির কারণে সভা হয়নি। আশা করছি, বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টিকারীরা এ কর্মসূচি থেকে সরে আসবেন।’সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদের বিরুদ্ধে অর্থনীতি বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনার যথাযথ বিচার না হওয়াসহ আরও কয়েকটি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতি গত ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। ১৯ জুন থেকে দাবি আদায়ে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।এ বিষয়ে সমিতির সভাপতি বলেন, বর্তমান উপাচার্যের অধীনে আর কোনো প্রশাসনিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।বাজেট পাস না হওয়া প্রসঙ্গে সিন্ডিকেট সদস্য সৈয়দ কামরুল আহছান প্রথম আলোকে বলেন, এতে প্রশাসনিক কোনো সমস্যা হবে না। উপাচার্য তাঁর ক্ষমতাবলে এটি পাস করতে পারবেন।কর্মকর্তা সমিতির অবস্থান কর্মসূচি: বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীত করা এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে তা বাস্তবায়নের দাবিতে কর্মকর্তা সমিতির সদস্যরাও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলে।