জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শিক্ষক সমিতির সভা স্থগিত, সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ (ভিডিও)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের মারধরে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের মৃত্যুর ঘটনায় করণীয় নিয়ে শিক্ষক সমিতির গতকালের মুলতবি সভা আজ বৃহস্পতিবার শিক্ষকদের বাক-বিতণ্ডায় স্থগিত ঘোষণা করা হয়েছে। এ সময় সমিতির সভাপতি এ এ মামুনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের আওয়ামীপন্থী শিক্ষকেরা বিষয়টি অস্বীকার করেছেন।জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সমিতির সভা শুরু হয়। একজন শিক্ষক বক্তব্য দেওয়ার সময় সমিতির সভাপতিকে উদ্দেশ করে বলেন, ‘নিহত ছাত্র জুবায়ের আহমেদের আহত হওয়ার খবর পেয়ে আপনি কী করেছিলেন, তা আমরা জানতে চাই।’ ওই শিক্ষক আরও বলেন, ‘আপনার জায়গায় আমি হলে সভাপতির পদ থেকে পদত্যাগ করতাম।’ এই বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে সমর্থন দিতে থাকেন উপস্থিত শিক্ষকেরা। এ সময় একজন জুনিয়র শিক্ষককে একজন সিনিয়র শিক্ষক ‘তুই বস’ সম্বোধন করাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সমিতির সভাপতি এ এ মামুন বলেন, ‘আমি সভা মুলতবি ঘোষণা করছি।’ পরে বিএনপিপন্থী, উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী, বামপন্থী শিক্ষকেরা সভাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনের আওয়ামীপন্থী শিক্ষকেরা সংবাদ সম্মেলনে জানান, ‘সভা মুলতবি করে বাইরে চলে যাওয়ার পর আমরা সভাপতিসহ অন্যদের কাছে গিয়ে আজকের সভা আবার চালানোর জন্য অনুরোধ করি। কিন্তু তাঁরা ফিরে আসেননি।’
অন্যদিকে বিএনপিপন্থী, উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী, বামপন্থী শিক্ষকেরাও পৃথক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া সভাপতিকে লাঞ্ছিত করেছেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দাও জানানো হয়।শিক্ষক সমিতির সভা পণ্ড হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী প্রক্টরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।এর আগে সকাল ১০টার দিকে সচেতন শিক্ষকদের ব্যানারে একটি শোক শোভাযাত্রা বের করেন সাধারণ শিক্ষকেরা। শোকযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে শেষ হয়। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করে জুবায়েরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।একই সময় গোলাম আযমসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ‘শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে এ মানববন্ধনে উপাচার্যপন্থী শিক্ষক ও ছাত্রলীগের কর্মীরাও উপস্থিত ছিলেন।