শিক্ষককে পেটালেন কলেজ ছাত্রলীগের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনার্স ভর্তি পরীক্ষায় এক ছাত্রীকে মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাদাকাত হোসেনকে সবার সামনে পিটিয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোসাদ্দক হোসেন তাপস। আজ শুক্রবার দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।কলেজের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল। কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের একাডেমি ভবনের ২১২ নম্বর কক্ষের পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের প্রভাষক সাদাকাত হোসেন। পরীক্ষা চলাকালে এক ছাত্রী মুঠোফোন ব্যবহার করলে তিনি ওই ছাত্রীকে মুঠোফোন ব্যবহার করতে নিষেধ করেন। এ খবর পেয়ে ওই ছাত্রীর আত্মীয় ছাত্রলীগের কুড়িগ্রাম কলেজ শাখার সভাপতি তোসাদ্দক হোসেন ওই শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশকে নিয়ে অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে অফিসকক্ষে নিয়ে আসার সময় তাপস ও তাঁর সহযোগীরা ওই শিক্ষককে লাথি, ঘুষিসহ ব্যাপক মারধর করে। পরে পুলিশের সহায়তায় শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান।এ ঘটনার পর ওই ছাত্রনেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষকেরা।জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলী মারধরের কথা অস্বীকার করে জানান, ঘটনাটি মীমাংসা করা হবে।কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছি।’