বরিশালের গৌরনদী উপজেলায় ফরিদ জমাদ্দার নামের এক স্কুলশিক্ষককে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ উঠেছে।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার কয়েক শ শিক্ষক থানা ও উপজেলা পরিষদ অবরোধ করে দিনভর সমাবেশ করেছেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। আগামীকাল শনিবার থেকে ধর্মঘট কর্মসূচি হাতে নেবেন তাঁরা। এ ছাড়া আজ শুক্রবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।নিহত শিক্ষক ফরিদের (২৮) বাড়ি উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে। তিনি ছিলেন পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ফরিদ বিএনপির সমর্থক ছিলেন বলে পরিবারসূত্র জানিয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদ গতকাল সকালে ইংরেজি ক্লাস নিচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি তাঁকে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের অদূরে একটি বাড়ির কাছে চার-পাঁচজনের দুর্বৃত্তের একটি দল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় ফরিদের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফরিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাবুদ্দিন সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমি ও ফরিদ লাইব্রেরি থেকে বের হয়ে ক্লাস নেওয়ার জন্য শ্রেণীকক্ষে যাই। ক্লাস শেষ হতে না-হতেই শুনতে পাই, ফরিদকে সন্ত্রাসীরা কুপিয়েছে।’পঞ্চম শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলে, ‘ফরিদ স্যার আমাদের ইংরেজি ক্লাস নিচ্ছিলেন। এর মধ্যে অপরিচিত এক লোক এসে স্যারকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। পরে জানতে পারি, স্যারকে কুপিয়ে মেরে ফেলেছে।’ প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, শিক্ষক ফরিদকে চার-পাঁচজন লোক ঠেলতে ঠেলতে ওই বাড়ির পাশে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।নিহত ফরিদের ভাই ও উপজেলার নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল জমাদ্দার বলেন, ‘সম্প্রতি উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালে আমার ভাই ফরিদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়নের বাগিবতণ্ডা হয়। এর জেরে নয়নের নেতৃত্বে গতকাল আমার ভাই ফরিদকে হত্যা করা হয়েছে।’তিনি আরও বলেন, ১৪ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নয়ন ও তাঁর কয়েকজন সহযোগী ফরিদকে হত্যার হুমকি দেন। ওই দিনই মুঠোফোনে বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলমকে জানানো হয়। মাহাবুব গতকাল মুঠোফোনে বলেন, এ ধরনের কোনো বিষয় তাঁকে জানানো হয়নি।এদিকে শিক্ষক ফরিদকে কুপিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে উপজেলার ১২৪টি সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হন। পরে তাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষকেরা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ও উপজেলা পরিষদ ঘেরাও করে দিনভর সমাবেশ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি এম আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার থেকে তাঁরা স্কুল বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করবেন। এ ছাড়া তাঁরা সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন।শিক্ষক ফরিদের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গৌরনদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় নয়ন, কাজল হাওলাদারসহ চার-পাঁচজনকে আসামি করে গতকালই গৌরনদী থানায় হত্যা মামলা করা হয়েছে।এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন মুঠোফোনে গতকাল পাঁচটার দিকে বলেন, ফুটবল খেলা নিয়ে শিক্ষক ফরিদের সঙ্গে নেহাত তাঁর ভুল-বোঝাবুঝি হয়েছিল।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, নিহত শিক্ষক ফরিদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।