সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদকে হত্যায় সহযোগিতার অভিযোগে দুজন ছাত্রীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গত রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। তাঁদের কাছ থেকে শিক্ষকের ব্যবহূত মুঠোফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।যাঁরা আটক হয়েছেন তাঁরা হলেন সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের দুজন ছাত্রী, সুনামগঞ্জের ছাতক উপজেলার আলীগঞ্জ বাজারের বাসিন্দা রাসেল আহমদ (৩০), সিলেট নগরের দরগাগেইট এলাকার একটি হোটেলের ব্যবস্থাপক মো. লোকমান মিয়া (২৫) ও নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আলিমুল ইসলাম (২৪)। আটক পাঁচজনকে গতকাল সোমবার সকালে র্যাব-৯-এর সিলেট কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। তাঁদের দুজন পিটিয়ে ও ছুরিকাঘাতে শিক্ষককে হত্যার কথা স্বীকার করেন।২১ মার্চ বিকেলে সিলেট মহানগরের গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষক হারুন-অর-রশিদ খুন হন। এ ঘটনায় শিক্ষকের শ্যালক আল আজিজ চৌধুরী বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৩ মার্চ রাতে নগরের ৪৩/৩, নূরানী বনকলাপাড়ার বাসিন্দা ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ ওরফে কালা জামালকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেয়। ২৫ মার্চ রাতে নগরের চারা দীঘিরপাড় এলাকা থেকে ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ (২৩) এবং একই এলাকার বাসিন্দা জেলা ছাত্রদলের সদস্য আতাউল গনি ওরফে ইমনকে (৩০) গ্রেপ্তার করে।র্যাব জানায়, রোববার বিকেল সাড়ে চারটায় নগরের পাঠানটুলার পনিটোলা থেকে শিক্ষক খুনের মূল হোতা কাওসারের বন্ধু রাসেল আহমদকে (৩০) শিক্ষকের ব্যবহূত মুঠোফোনসহ আটক করা হয়। রাত আটটার দিকে সুবিদবাজারের বাসা থেকে কাওসারের প্রেমিকা এক ছাত্রী (২২) ও সাড়ে আটটায় বাগবাড়ীর বাসা থেকে ওই ছাত্রীর বান্ধবী আরেক ছাত্রীকে (২০) আটক করে র্যাব। রাত দেড়টার দিকে আলিমুল ইসলামকে (২৪) নগরের ফাজিলচিশত এলাকা থেকে আটক করা হয়। রাতেই নগরের দরগাগেইট এলাকার হোটেল আজমিরির ব্যবস্থাপক মো. লোকমান মিয়াকে হোটেল থেকে আটক করা হয়। হত্যাকাণ্ডের পর নাম-ঠিকানা না লিখে রেখে হোটেলের ২০৮ নম্বর কক্ষে কাওসারকে সপ্তাহখানেক আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে লোকমান মিয়ার বিরুদ্ধে। এ সময় হোটেলের ওই কক্ষ থেকে নিহত শিক্ষকের সিমকার্ডটি উদ্ধার করা হয়।কাওসারকে ধরতে না পারলেও হোটেলে কয়েক দিন আত্মগোপনের সব প্রমাণ আছে বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন। কাওসারের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলি গ্রামে। জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান আবদুল খালিকের ছেলে কাওসার এলাকায় একজন বখাটে হিসেবে পরিচিত।র্যাবের কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরে র্যাবের একটি বিশেষ দল শিক্ষক খুনের ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ এবং পুরো বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ শুরু করে। পরে মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে ছাত্রীসহ ওই পাঁচজনকে আটক করা হয়।র্যাব-৯ কার্যালয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল বেলা সাড়ে ১১টায় রাসেল আহমদ গণমাধ্যমের কর্মীদের কাছে হারুন-অর-রশিদকে হত্যার বর্ণনা দেন। রাসেল জানান, সিলেট সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে তাঁর বন্ধু কাওসার আহমদের দীর্ঘদিন ধরে প্রেম চলছে। ওই ছাত্রী শিক্ষক হারুন-অর-রশিদের কাছে প্রাইভেট পড়তেন। শিক্ষকের বাসার সামনে কাওসার বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। বিষয়টি শিক্ষক ভালো চোখে দেখতেন না। শিক্ষকের এই দৃষ্টিভঙ্গির কথা ওই ছাত্রী তাঁর প্রেমিক কাওসারকে জানান। এরপর কাওসার ক্ষুব্ধ হয়ে ওঠেন।রাসেল স্বীকার করেন, ঘটনার দিন মুঠোফোনে কাওসার তাঁকে ও আলিমুল নামে অপর এক বন্ধুকে শিক্ষকের বাসার সামনে যেতে বলেন। কাওসারের কথামতো তাঁরা শিক্ষকের বাসার সামনে গিয়ে অপেক্ষায় থাকেন। কলেজ থেকে বের হয়ে শিক্ষক হারুন-অর-রশিদ বাসার সামনের গলিতে এলে তাঁরা শক্ত কাঠ দিয়ে শিক্ষককে আঘাত করেন। একপর্যায়ে কাওসার ছুরি দিয়ে শিক্ষককে উপর্যুপরি আঘাত করেন। শিক্ষককে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।রাসেল আরও জানান, শিক্ষক হারুন-অর-রশিদ বাসায় পৌঁছার আগে থেকেই ওই দুজন ছাত্রী শিক্ষকের জন্য অপেক্ষা করছিলেন। শিক্ষকের আসতে দেরি হওয়ায় এক ছাত্রী শিক্ষককে ফোন করেন এবং নিশ্চিত হন যে তিনি আসছেন। এরপর ওই ছাত্রী শিক্ষক আসছেন বলে কাওসারকে জানান।এ ব্যাপারে ওই ছাত্রী বলেন, ‘আমার সঙ্গে কাওসারের প্রেম ছিল ঠিক। কিন্তু একদিন স্যার আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমার বাবা-মা অসুস্থ। আমি একটি মেয়ে, ঘটনাটি কারও সঙ্গে ভাগাভাগি করতে পারছিলাম না। তাই কাওসারকে জানিয়েছিলাম। কিন্তু সে যে শিক্ষককে এভাবে মেরে ফেলবে, তা বুঝতে পারিনি।’র্যাব-৯-এর মেজর মোহাম্মদ তৌফিক এলাহী সংবাদ সম্মেলনে বলেন, আটক পাঁচজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। মূল খুনির অবস্থান জেনে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত এবং তিনজনকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। পুলিশের তদন্ত প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তারা নানা অপরাধে জড়িত এবং ওই এলাকায় আড্ডা দিত। তদন্তের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।’র্যাবের আটক প্রসঙ্গে ওসি বলেন, ‘রোববার র্যাবের সদস্যরা যখন পাঁচজনকে আটক করতে অভিযান চালান, তখন আমরাও প্রায় একই সময়ে সেখানে উপস্থিত হয়েছি।’