বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণে বিধি-নিষেধ আরোপসংক্রান্ত ৪ মে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রের ৩ অনুচ্ছেদের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে অন্য কোনো অযোগ্যতা না থাকলে আবেদনকারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে। ওই পরিপত্রের ৩ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়।জানা যায়, ৪ মে নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেন। এতে শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়। এর ৩ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন জেলা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে হাইকোর্টে ১১টি রিট করেন। আজ এর ওপর শুনানি হয়। আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এম বদরুদ্দোজা ও মো. গোলাম নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ৪ মে নির্বাচন কমিশনের পরিপত্রে বলা হয়, মাধ্যমিকের শিক্ষক-কর্মচারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্ট ওই পরিপত্রের ৩ অনুচ্ছেদের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছেন। এটা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে।শুনানিতে এম বদরুদ্দোজা বলেন, এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন ও ফলাফল ঘোষণা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে প্রায় ১০০ জন নির্বাচিত হয়েছেন। এ ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের নির্বাচনে সুযোগ না দেওয়া বৈষম্যমূলক। এ ছাড়া ১৯৬১ সালের নির্বাচন কমিশন রেগুলেশনের ৩০ ধারায় বলা হয়, কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ কর্মরত কর্মচারীরা অংশ নিতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে শিক্ষক-কর্মচারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না মর্মে অযোগ্য ঘোষণা করা হয়নি।