শিক্ষকদের অনশন কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করতে আসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছেন। তাঁর নাম আজিজুর রহমান। তাঁর বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ ঘোষের পাড়া গ্রামে। গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে পৌঁছার পর তিনি মারা যান বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর জামাতা মাজহারুল ইসলাম। মুক্তিযোদ্ধা এই শিক্ষককে আজ বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আন্দোলনরত বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান আবদুস সালাম মিয়া প্রথম আলোকে বলেন, মঙ্গলবার শাহবাগে এই শিক্ষক আহত হয়েছিলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পুলিশ ও পারিবারিক সূত্রগুলো বলছে অসুস্থবোধ করায় তিনি ওইদিন রাতেই বাড়ি ফিরে যান। পরে সেখানেই মারা যান। এদিকে শহীদ মিনারে আজিজুরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন আন্দোলনরত শিক্ষকেরা। মৃত শিক্ষক মাদারগঞ্জের উত্তর চর বাটিয়ানি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে পরিষদের নেতাদের আলোচনার পর কর্মসূচি স্থগিত করা হয়। পরিষদের সদস্য সচিব আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি নিয়ে এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে—এমন আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।’আবদুস সালাম মিয়া জানান, কাল বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত শিক্ষকেরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময়ের মধ্যে সরকারের দিক থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া গেলে কাল থেকেই তাঁরা অনশন শুরু করবেন। এর পরও কাজ না হলে আগামী ২০ মে থেকে বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহাসমাবেশ’ করলেও সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় শহীদ মিনারেই রাত কাটিয়ে গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে মিছিল বের করেন শিক্ষকেরা। মিছিল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য জলকামান থেকে গরম পানি ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। একপর্যায়ে একদল শিক্ষক শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে তাঁদের লাঠিপেটা করে পুলিশ। প্রবীণ শিক্ষকেরাও মারধরের শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষকেরা কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে গিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন। সেখানে পরিষদের সদস্যসচিব আবদুর রহমান আজ দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন।