শিক্ষকদের অবরোধ কর্মসূচি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি টানা চতুর্থ দিনের মতো গতকাল রোববারও প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে। সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষক সমিতির সদস্যরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।সংকট নিরসনে উপাচার্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কি না জানতে চাইলে অজিত কুমার আরও বলেন, ‘আজ (গতকাল) উপাচার্য আমাদের চিঠি দিয়েছেন। সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব, আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসব কি না।’এর আগে গত শনিবারও উপাচার্য শিক্ষক সমিতিকে চিঠি দিয়েছিলেন ওই দিন সন্ধ্যায় আলোচনায় বসবার প্রস্তাব দিয়ে। কিন্তু সেদিন আলোচনা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে অজিত কুমার বলেন, ওই দিন সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য ক্যাম্পাসের বাইরে থাকায় আলোচনায় বসা সম্ভব হয়নি।উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করছি আগামীকাল (আজ) তাঁরা তাঁদের অবস্থান জানাবেন।’প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি অব্যাহত থাকলেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। অবরোধ কর্মসূচি পালনকারী শিক্ষকেরা পর্যায়ক্রমে ক্লাস নিচ্ছেন এবং কর্মসূচি পালন করছেন।অফিসার সমিতির কর্মবিরতি: বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছর করা এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে তা বাস্তবায়নের দাবিতে গতকাল সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’