শিক্ষকদের অবসর-সুবিধা পেতে ভোগান্তি
শরীফ সিদ্দিকী (ছদ্মনাম) দীর্ঘদিন শিক্ষকতার পর দেড় বছর আগে অবসর নিয়েছেন। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে বাংলা পড়াতেন তিনি। রাজধানীর পলাশীতে অবসর-সুবিধা বোর্ডের কার্যালয়ে এসেছেন ভাতার ব্যাপারে খোঁজ নিতে। সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত লোকটির চেহারায় এক ধরনের অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। জানতে পারলাম, খোঁজ নিতেই ঢাকায় এসেছেন, আর আজই বাড়ি ফিরতে হবে বলে এক ধরনের তাড়াও কাজ করছে তাঁর। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। ছাত্রদের বোঝাতেন, ‘সকল ধনের সার বিদ্যা মহাধন।’ সুদীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ দিককার ছাত্রদের বয়সী একজনের কাছে প্রথমেই তাঁর আর্থিক অনটনের কথা জানাতে আগ্রহী হননি শরীফ সিদ্দিকী। এই মুহূর্তেই যে তাঁর টাকাটা প্রয়োজন, তা জানতে পারি আরও পরে। যখন ‘স্যার’ সম্বোধন করে জানতে চাই, কত দূর এগোল তাঁর ভাতা পাওয়ার কাজ। সম্বোধনের মায়ায় বোধ করি জানালেন, আরও দেড় বছর আগে তিনি জমা দিয়েছেন আবেদনপত্র। সর্বপ্রথম এমপিও, সর্বশেষ এমপিও, ইনডেক্স, স্কুলের সভাপতির প্রত্যয়নপত্র, প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র ইত্যাদি কাগজসহ জমা দিয়েছেন অবসর-সুবিধার আবেদন। কিন্তু এক বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছেন। শিক্ষকতা করার সময় নিয়মিত যে মাসিক বেতন পেতেন, তা দিয়ে সংসার চালানোর পর তাঁর সঞ্চয়ের কোনো সুযোগ ছিল না। কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন তাঁর কোনো আয় নেই। অন্যদিকে, অবসর ভাতার টাকা পেতে মাসের পর মাস ঘুরছেন। এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছেন না, ঠিক কবে পাবেন টাকা। তিনি বলছিলেন, ‘শিক্ষকদের বলা হয় জাতির বিবেক, আমরা শিক্ষকতা করে সারাটা জীবন কাটানোর পর এখানে এসে যে প্রতিদান পাই, তাতে সত্যিই দুঃখ হয়। কেউ বলতে পারে না ঠিক কবে পাব টাকা।’ ভেতরে গিয়ে দেখা গেল ভবনের দুটি কক্ষের মাঝখানে সরু গলির মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন শিক্ষক। পাশেই স্তূপ করে রাখা আছে কাগজপত্র ভর্তি বড় বড় বস্তা। লম্বা সময় একটা সরু ও বদ্ধ জায়গায় গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত শিক্ষকেরা, আর আবেদনপত্র গ্রহণের কাউন্টারে বসে জমা নিচ্ছেন দুজন কর্মচারী। আবেদনপত্র জমা দিতে আসা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ঘামতে ঘামতে বেরিয়ে আসতেই জানতে চাইলাম তাঁর আবেদনপত্র জমা দেওয়ার অভিজ্ঞতার কথা। তিনি বললেন, এর আগেও তিনি একবার আবেদনপত্র নিয়ে এসেছিলেন, কিন্তু প্রথম এমপিওর ফটোকপি অস্পষ্ট হওয়ায় তাঁর আবেদনপত্র জমা নেওয়া হয়নি। তাই আবেদনপত্র জমা দিতেই তাঁকে দ্বিতীয়বার আসতে হলো। তিনি বললেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যখন জমা দেওয়ার সুযোগ হয়, তখন জানতে পারলাম কাগজটি অস্পষ্ট। তাই জমা নেওয়া হবে না। অথচ স্কুলে রক্ষিত প্রায় ২০ বছর আগের কাগজের মূল কপিই অস্পষ্ট হয়ে গেছে।’ আবেদনপত্র গ্রহণ ও যাচাইয়ে দীর্ঘ প্রক্রিয়া, পরিচিতি প্রতিপাদনের জটিল ব্যবস্থা ও পুরোনো কাগজপত্রের অস্পষ্টতা ইত্যাদি কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষক-কর্মচারীদের। দীর্ঘসূত্রতার বিষয়টি জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক অবসর-সুবিধা বোর্ডের এক কর্মকর্তা জানান, মূলত তহবিলের ঘাটতি ও কিছু ক্ষেত্রে জনবলের অভাবই এর কারণ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর-সুবিধা আইন ২০০২ (২০০২ সালের ২৭ নম্বর আইন)-এর ৯ ধারায় অবসর-সুবিধা বোর্ডের তহবিলে তিন ধরনের উৎস হতে অর্থ জমা হওয়ার কথা বলা হয়েছে। ১. সরকার কর্তৃক প্রদত্ত অর্থ ২. শিক্ষক ও কর্মচারী কর্তৃক প্রদত্ত বাধ্যতামূলক চাঁদা এবং ৩. অন্য কোনো উৎস হতে প্রাপ্ত অর্থ। কিন্তু অবসর গ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের অবসর-সুবিধা প্রদানে বর্তমানে একমাত্র উৎস হচ্ছে তাঁদের এমপিও থেকে মাসিক ৪ শতাংশ হারে কর্তন করা চাঁদা। অবসর-সুবিধা বোর্ড প্রদত্ত ডিসেম্বর ২০১০ সালের হিসাব অনুযায়ী বর্তমানে প্রাপ্ত মাসিক চাঁদা ১৬ কোটি ১৯ লাখ ৮১ হাজার ৫৭০ টাকা, কিন্তু শিক্ষক ও কর্মচারীদের অবসর-সুবিধা দিতে প্রতি মাসে গড়ে প্রয়োজন ৩৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৫৩৪ টাকা। প্রতি মাসে ঘাটতি দাঁড়ায় ২০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৯৬৪ টাকা। এই হিসাবে এক বছরে ঘাটতি প্রায় ২৪৩ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৫৬৮ টাকা, যা পূরণের জন্য শিক্ষকদের ৪ শতাংশ চাঁদা এবং এফডিআরের মুনাফা থেকে প্রাপ্ত অর্থের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঘাটতি পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ চেয়ে আবেদন জানানো হয়েছে বলে জানান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর-সুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক আসাদুল হক। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর-সুবিধার জন্য সুনির্দিষ্ট একটি খাত থাকা প্রয়োজন। প্রতিবছর শিক্ষকদের অবসর-সুবিধা প্রদানের জন্য সুনির্দিষ্ট বাজেট থাকা উচিত।’ শিক্ষকদের অবসর ভাতা প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আসাদুল হক বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং ব্যানবেইস (বাংলাদেশ শিক্ষা তথ্য ব্যুরো) কর্তৃপক্ষের ডেটাবেজ থেকে যথাযথ তথ্য ও সহযোগিতা পেলে খুবই অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।১৯৮৪-৮৫ সালের এমপিওগুলো নিয়েই মূলত সমস্যা তৈরি হয়। যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং ব্যানবেইস সহযোগিতা করে, তবে শিক্ষকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন। সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানটিতে রয়েছে জনবলের অপ্রতুলতা। নেই নিজস্ব স্থায়ী কোনো কার্যালয়, ব্যানবেইস ভবনের নিচতলায় অনেকটা গাদাগাদি করে চলছে অবসর-সুবিধা বোর্ডের কাজ। সম্প্রতি বোর্ডের ৩৪তম সভায় বিশেষ ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও হজব্রত পালন করতে আগ্রহী ব্যক্তিদের বিশেষ বিবেচনায় দ্রুত টাকা প্রদানের সিদ্ধান্ত নিলেও সাধারণ আবেদনগুলোর ক্ষেত্রে গতি আসছে না। বোর্ডের সভার সংখ্যা বছরে দুটি থেকে চারটিতে উন্নীত করার সিদ্ধান্ত হলেও আবদেনপত্রের বিভিন্ন দিক যাচাই করতেই লেগে যাচ্ছে লম্বা সময়।