শিক্ষকদের অবহেলায় ভুলের চক্রে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের অবহেলা ও ব্যস্ততার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটের ভর্তি পরীক্ষা ভুলের চক্রে ঘুরপাক খাচ্ছে। ওই ইউনিটের প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন ও পুনর্মূল্যায়নের সব স্তরেই ভুল হয়েছে।ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরাও মনে করছেন, শিক্ষকদের অবহেলার কারণেই এভাবে একের পর এক ভুল হয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা ১৮ শিক্ষকের মধ্যে ১৬ জনই অধ্যাপক। এই ১৬ জনের মধ্যে আটজন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান। কমিটির প্রায় সব সদস্য ব্যবসায় শিক্ষা অনুষদের সন্ধ্যাকালীন কোর্সে অতিরিক্ত ক্লাস নেন। এর বাইরে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থায় অতিরিক্ত কাজ করেন। এসব কারণেই প্রশ্নপত্র তৈরি ও মূল্যায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা পর্যাপ্ত সময় দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।সূত্র জানায়, ভর্তি কমিটির অধিকাংশ সভা অনুষ্ঠিত হতো রাতে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, সন্ধ্যাকালীন কোর্সের ক্লাস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের কেউ কেউ প্রশ্নপত্রসংক্রান্ত কাজে আগ্রহ হারিয়ে ফেলতেন। এ বছর গ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের সঙ্গে জড়িত ১৮ শিক্ষকের মধ্যে তিনজন ছিলেন ভর্তিসংক্রান্ত কাজকর্মের মূল দায়িত্বে। এঁদের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ছিলেন। শিক্ষকদের অভিযোগ, তিনি বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ে প্রচুর সময় দেন। অপর দুই সদস্য রফিকুল ইসলাম ও আবু হেনা রেজা হাসান একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন। এই তিনজন ছাড়াও এস এম মাহফুজুর রহমান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং রূপালী ব্যাংকের পরিচালক। বাকিরা প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন কাজে যুক্ত। তবে বাইরে কাজ করার কারণে ভর্তিসংক্রান্ত কাজে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে দাবি করেছেন মাহফুজুর রহমান। আর ডিন জামাল উদ্দিন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। গত বুধবার সকালে ডিনের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। দুপুরে তদন্ত কমিটির সভায় উপস্থিত হওয়ার পরপর তাঁর কার্যালয়ে প্রবেশ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় সেখানে উপস্থিত ভর্তি কমিটির আরেক সদস্য ইন্টারন্যাশনাল বিজনেসের চেয়ারম্যান আবু হেনা রেজা হাসান এ প্রসঙ্গে কথা বলতে চাননি। অপর সদস্য রফিকুল ইসলামের বাসায় যোগাযোগ করা হলে তিনিও কোনো কথা বলতে রাজি হননি।ভর্তি কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর কামালউদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান শ্যামসুন্দর কর্মকার ও শিক্ষক ফারুক আহমদ, বিপণন বিভাগের চেয়ারম্যান রাজিয়া বেগম ও হরিপদ ভট্টাচার্য, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বেগম খালেদা খানম ও মাকছুদুর রহমান সরকার, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান মাহবুব উদ্দীন চৌধুরী ও শেখ শামসুদ্দিন আহমেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ও সহকারী অধ্যাপক আবুল কাশেম, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মুবিনা খন্দকার ও প্রভাষক নুসরাত জাহান, ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও শিক্ষক আজিজুর রহমান খান।গ ইউনিটের প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নে তিন ধরনের ভুল হয়েছে। যেমন বাংলা অংশে একটি প্রশ্ন ছিল কোনটি পর্তুগিজ শব্দ? এর উত্তরে যে চারটি জবাব দেওয়া ছিল তার মধ্যে আনারস ও পেয়ারা দুটি উত্তরই সঠিক। কিন্তু মূল্যায়নের সময় কর্তৃপক্ষ আনারসকে সঠিক বলে ধরে নেয়। এর ফলে যেসব শিক্ষার্থী পেয়ারাতে সঠিক চিহ্ন দেন, তাঁদের উত্তর ভুল বলে ধরা হয়। ইংরেজিতে একটি প্রশ্ন ছিল despise-এর সমার্থক শব্দ কোনটি? এর উত্তরে দেওয়া চারটি শব্দের মধ্যে সঠিক উত্তর হবে abhor শব্দটি। কিন্তু মূল্যায়নের সময় facilitate শব্দটি সঠিক বলে ধরে নেওয়া হয়, যা সমর্থক নয়। উত্তরপত্রে এমন ভুল ছিল ছয়টি। আরও ছয়টি প্রশ্ন ছিল, যেগুলোতে কোনো শুদ্ধ উত্তরই ছিল না।পরীক্ষা কমিটির কয়েকজন শিক্ষক জানান, বাংলা ও ইংরেজি প্রশ্ন তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের বিশেষজ্ঞ শিক্ষকদের সহায়তা নেওয়া হয়নি। ব্যবসায় অনুষদের শিক্ষকেরাই প্রশ্ন করেন। এই পদক্ষেপ সঠিক ছিল না। অনুসন্ধানে জানা যায়, প্রথমবার ভুল ধরা পড়ার পর প্রশ্নপত্র তৈরি ও মূল্যায়ন করতে গিয়ে দফায় দফায় ভুল হয়। গ ইউনিটের প্রশ্নপত্রে শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৪ করে নম্বর কাটা হবে। কিন্তু ফল পর্যালোচনা করে দেখা যায়, প্রথমবার প্রকাশিত ফলে তাঁরা প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২০ করে নম্বর কেটেছেন। আর পুনর্মূল্যায়িত ফলে তা সংশোধন করে দশমিক ২৪ করেছেন। এর ফলে প্রথমবার পাস হওয়া অনেক শিক্ষার্থীই দ্বিতীয়বার প্রকাশিত ফলে ফেল করেন।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষকদের ভুলের কারণে শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাদের অসতর্কতা বা অবহেলার কারণে এমন হয়েছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ উপাচার্য বলেন, ভুল হলে তা সংশোধন করাই ছিল প্রথম কাজ। শিক্ষার্থীরা প্রথম এবং দ্বিতীয়বার যে ফল পেয়েছিল, তা ছিল ভুল। এর ভিত্তিতে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ নেই। পুনরায় পরীক্ষা নিয়ে স্বচ্ছতার মাধ্যমেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে।তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত সব ধরনের কাগজপত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে অনুষদের ডিন ও পরীক্ষা কমিটিতে থাকা কিছু শিক্ষক বক্তব্য দিয়েছেন। সবার সঙ্গে কথা বলে এটি স্পষ্ট যে শিক্ষকদের অবহেলার কারণেই প্রথমবার ভুল হয়েছিল। আর তা সংশোধন করতে গিয়ে আবারও তাঁরা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভর্তিপ্রক্রিয়ার পুরো কাজের সঙ্গে শিক্ষকেরা জড়িত থাকেন। কাজেই সব ভুল শিক্ষকদের।’গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটে ৯৮০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হলে দুই হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ১ নভেম্বর বেশ কিছু শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল আছে বলে অভিযোগ করেন। এর ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর আবার ফল প্রকাশ করা হয়। এতে আগে পাস করা ৩৯ জন অকৃতকার্য হন, ১৯৪ জনের মেধাক্রম এক হাজারের ওপরে চলে যায়। এরপর কয়েক শ শিক্ষার্থী আবারও ফল পুনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর রাতে ডিনস কমিটির জরুরি সভায় ফল বাতিল করা হয়।এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে জানান, একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তাঁকে ২৮ নভেম্বর আদালতে যেতে বলেছেন এবং তিনি যাবেন। ইতিমধ্যে তিনি পত্রপত্রিকার খবরগুলো পড়েছেন এবং এ বিষয়ে আরও তথ্য জানা ও বোঝার চেষ্টা করছেন।