জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। শিক্ষকদের এক পক্ষ আন্দোলনে থাকায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। গতকাল শনিবার থেকে এই আন্দোলনের কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। এদিকে, জুবায়ের হত্যাকাণ্ডে জড়িতদের প্রচলিত আইনে বিচারের দাবিতে ক্যাম্পাসে আজ শোকযাত্রা করার কথা ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের। এ ছাড়া আজ সন্ধ্যা ছয়টায় ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে মশাল মিছিল বের করবেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়েরকে গত রোববার পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।