ইসলামী বিশ্ববিদ্যালয়: উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা
শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালনের সময় বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অন্তত ৩০ জন শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষক সমিতির শিক্ষকেরা। হামলার সময় তিন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকেরা।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রশাসন ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রশাসন ভবনের দিকে আসেন। ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামানের নেতৃত্বে শতাধিক বহিরাগত এ মিছিলে উপস্থিত ছিলেন। প্রশাসন ভবনের ভেতরে শিক্ষকদের অবস্থান কর্মসূচি মাড়িয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকেরা তাতে বাধা দেন। এতে শিক্ষকদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা চড়াও হন। এ সময় তাঁদের কিল-ঘুষি-লাথিতে সেখানে উপস্থিত অন্তত ৩০ জন শিক্ষক আহত হন। আহত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ সময় প্রশাসন ভবনের সামনে পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। পুলিশের এ ভূমিকার তীব্র নিন্দা জানান শিক্ষকেরা। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের ভেতরে শিক্ষকদের আধা ঘণ্টা অবরোধ করে ভবনের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে চলে গেলে প্রতিবাদে ফুঁসে ওঠেন শিক্ষকেরা। তখন তাঁরা মিছিল করতে করতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে যান।অনুষদের করিডরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শিক্ষকেরা বলেন, শিক্ষকদের ওপর হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে সহ-উপাচার্যের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে। দুপুর সাড়ে ১২টায় সমাবেশ চলাকালে উপাচার্য ও সহ-উপাচার্যের সমর্থিত কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষকদের ওপর আবার হামলা চালানোর চেষ্টা করেন। তাঁরা শিক্ষকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে বিশ্ববিদ্যালয়ের তিনজন সাংবাদিক লাঞ্ছিত হন। লাঞ্ছিত সাংবাদিকেরা হলেন ভোরের কাগজ-এর প্রতিনিধি শরীফুল ইসলাম, সকালের খবর-এর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও আমার দেশ-এর প্রতিনিধি ইমামুল হাসান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বলেন, ‘শিক্ষক সমিতির শিক্ষকেরা ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছিলেন, আমরা এর প্রতিবাদে প্রশাসন ভবনের ভেতর একটি মিছিল নিয়ে যাচ্ছিলাম। তাঁরা আমাদের বাধা দিতে চাইলে আমরা এর প্রতিবাদ করেছি মাত্র।’ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. কামালউদ্দিন তাঁর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বলেন, ‘শিক্ষকদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে আমি জড়িত নই।’