শিক্ষকদের ওপর পানি, তরল গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর আজ মঙ্গলবার জলকামানের পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় তাঁদের ওপর তরল কাঁদানে গ্যাসও ছোড়া হয়।আন্দোলনরত শিক্ষকেরা অভিযোগ করেছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা আজ সাংসদদের ন্যামভবনের সামনে অনশন করতে রওনা হলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে পুলিশ তাঁদের বাধা দেয়। সেখান থেকে পুলিশ তাঁদের তাড়া করে সোবাহানবাগ পর্যন্ত নিয়ে যায়।সোবাহানবাগের প্রিন্স প্লাজার সামনে শিক্ষক-কর্মচারীরা অবস্থান নিতে চাইলে পুলিশ তাঁদের ওপর জলকামান থেকে পানি ছোড়ে। এ ছাড়া তাঁদের ওপর তরল কাঁদানে গ্যাসও ছোড়া হয়। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলীসহ আন্দোলনরত শিক্ষকেরা দাবি করেন, পুলিশ তাঁদের ওপর গরম পানি ছুড়েছে।পুলিশের টহল পরিদর্শক আবুল কালাম আজাদ দাবি করেন, গরম পানি নয়, রাস্তায় বাধা সৃষ্টি করায় তাঁদের ওপর ঠান্ডা পানি ছোড়া হয়েছে।আন্দোলনকারীরা দাবি করেছেন, আজকের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিতে গেছেন।এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরে অবস্থান নিয়েছেন। স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতনবাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। প্রথম দিন থেকে শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়ে আসছে পুলিশ।আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথ না ছাড়ার শপথ নিয়েছেন তাঁরা।টিএসসি বাইরে অবস্থান নিয়েছে।