সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনুর রশীদকে হত্যার ঘটনায় গতকাল সোমবার মামলা হয়েছে। ওই শিক্ষকের চাচাতো ভাই খুরশেদ আলম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ মামলা করেন।এদিকে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিসিএস শিক্ষক সমিতির আহ্বান করা কর্মবিরতিতে গতকাল সিলেট বিভাগের চার জেলার সরকারি কোনো কলেজে পাঠদান হয়নি। গত রোববার বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলা (জজের টিলা) এলাকায় দুর্বৃত্তরা মো. হারুনুর রশীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বইনতলা গ্রামে। তিনি নগরের গৌড়গোবিন্দ টিলাসংলগ্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিবাদ কর্মসূচি: সিলেট এমসি কলেজে সকাল নয়টা থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। এই কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের নির্বাচনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা কলেজের পাশে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন। বেলা ১১টায় সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীরা নগরের কেন্দ্রস্থলে সড়ক অবরোধ করেন। এ সময় মানববন্ধনও রচনা করা হয়। দুপুর একটায় শিক্ষকের মরদেহ মহিলা কলেজ চত্বরে নিয়ে গেলে ছাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে। জোহরের নামাজ শেষে কলেজ চত্বরে হারুন-অর-রশিদের প্রথম জানাজা হয়। জানাজার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শুরু: সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গত রোববার রাতে ও গতকাল সোমবার সকালে ঘটনাস্থল ও শিক্ষকের বাসা কয়েক দফা পরিদর্শন করে হত্যার কারণ সম্পর্কে অবহিত হয়েছে। এরপর নিয়োগ করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার জানান, গতকাল দ্বিতীয় দফায় শিক্ষকের বাসা ও আশপাশের লোকজনের বক্তব্য নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।হত্যার কারণ সম্পর্কে পুলিশের একটি সূত্র জানায়, ছাত্রীদের উত্ত্যক্ত করার কোনো ঘটনার প্রতিবাদ জানানোয় বখাটেরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। প্রাইভেট পড়তে যাওয়া কয়েকজন ছাত্রী হত্যাকাণ্ডের সময় শিক্ষকের বাসায় ছিলেন। পুলিশ তাঁদের সন্ধান করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষক হত্যার কারণ খুঁজে পেয়েছি। এখন খুনিদের সন্ধান করছি, দু-এক দিনের মধ্যে সবকিছু পুলিশের তদন্তের আওতায় চলে আসবে এবং খুনের নেপথ্যের কারণগুলোও তথ্য-প্রমাণসহ পাওয়া যাবে।’নীতিই কাল হলো?: গতকাল মহিলা কলেজ থেকে শিক্ষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় হারুন-অর-রশিদের চাচাতো ভাই খুরশেদ আলম সরকার (৬০) জানান, হারুন-অর-রশিদ ছোটবেলা থেকেই ছিলেন নীতিবান। তিনি বিলাপ করে বলেন, ‘আমরা কখনো ভাবি নাই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে যেতে হবে। আমার বিশ্বাস হয় না, একজন মানুষ গড়ার কারিগরকে মানুষেরাই হত্যা করতে পারে। খুনিদের বিচার চাই।’সিলেট মহিলা কলেজের ছাত্রীরাও জানান, শিক্ষক হারুন কখনো নীতির বাইরে কিছু করতেন না। কলেজের দর্শন বিভাগের ছাত্রীরা জানান, তাঁদের বিভাগের সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন হারুন-অর-রশিদ। পড়াশোনার বাইরে ছাত্রীদের চালচলন বিষয়ে তিনি বিশেষ নজর রাখতেন। বখাটেপনার বিরুদ্ধে তিনি ছিলেন সব সময় সোচ্চার। ছাত্রীরা মনে করেন, নীতিবান হওয়াটাই তাঁর জন্য কাল হয়েছে। প্রতিবাদ-বিক্ষোভ: সিলেট অঞ্চলের বিসিএস শিক্ষক সমিতি ঘোষিত কর্মবিরতির পাশাপাশি সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা গতকাল আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। বেলা ১১টায় সিলেট নগরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহিলা কলেজে গেলে এই কলেজের ছাত্রীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক অবরোধ করেন। পরে সড়কের দুই পাশে মানববন্ধন করা হয়। এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী ছাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘পুলিশ চাইলে সব ধরনের সহযোগিতা করব। আমাদের একটিই দাবি, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সিলেট মদনমোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল ফাতেহ ফাত্তাহসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা মহিলা কলেজে গিয়ে শোকার্ত ও ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় মেয়র বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে আমি পুলিশকে বলেছি। খুনি যে-ই হোক, বিচার হবেই।’ খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে: আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, হারুন-অর-রশিদকে হত্যার প্রতিবাদে গতকাল মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কলেজের শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ, কর্মবিরতি পালন, কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও শোকসভা করেছেন। শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন অধ্যাপক মামুনুর রশীদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী, সহযোগী অধ্যাপক দিলরুবা খানম, ইমাম উদ্দিন, ফজলুল হক প্রমুখ। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা করেন, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ক্লাস বর্জন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি অব্যাহত থাকবে। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষকেরাও কালো ব্যাজ ধারণ, কর্মবিরতি পালন করেন।সুনামগঞ্জে শিক্ষকদের ক্লাস বর্জন: সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সিলেটে শিক্ষক হত্যার প্রতিবাদে গতকাল সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও পৌর কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন। পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের জানান, খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ হবে।