শিক্ষকদের কাছে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে হঠাৎ করেই বেলা সাড়ে ১১টার দিকে আমার সহকর্মী খুবই উৎকণ্ঠার সঙ্গে আমাকে জানালেন, তাঁর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলেকে স্কুলের শিক্ষক এমনভাবে পিটিয়েছে যে ছেলেটি অজ্ঞান হয়ে গিয়েছিল। এর পরও শিক্ষক ছেলেটি ঢং করছে ভেবে আরও পিটিয়েছেন। শিক্ষক যখন বুঝতে পারলেন, তাঁর মারের পরিমাণ একটু বেশি হয়ে গেছে এবং ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে, তখন ওই শিক্ষক বাচ্চাটির মাথায় পানি দিয়ে, জুস খাইয়ে তাকে সুস্থ করার নস্ফিল চেষ্টা চালিয়েছেন। ছেলেটির বাবা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে গেছেন। কথাটা শুনে হতভম্ব হয়ে গেলাম। যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার সন্তানটিও তার শিক্ষকের কাছে একই আচরণের শিকার হচ্ছে। আমি বা আমরা কীভাবে মেনে নেব একজন শিক্ষকের রূঢ় আচরণ। যেখানে আমি ও আমার সহকর্মীরা মানবাধিকার রক্ষায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেখানে একজন শিক্ষকের এই অমানবিক আচরণের প্রতিবাদ না করে আমরা পারি না। পরবর্তীকালে আমার প্রতিষ্ঠানের হস্তক্ষেপে মিরপুর বাংলা স্কুলের প্রধান শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে জরুরি ভিত্তিতে সভা করে ওই শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই শাস্তির ফলে তিনি কি তাঁর আচরণের জন্য অনুতপ্ত হবেন, নাকি তিনি তাঁর মানসিকতার পরিবর্তন করবেন? পাঠক, এই প্রশ্ন আপনাদের সবার কাছে। আমরা তো তাঁর শাস্তি চাইনি বা এই শাস্তি আমাদের কাম্য নয়।শ্রদ্ধেয় শিক্ষক, আপনারা তো অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী, সর্বোপরি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। আমার সন্তান তাঁর শিক্ষক তাকে কীভাবে শিখিয়েছে, তাঁর শিক্ষক কীভাবে কথা বলে, কীভাবে হাঁটা ও চলাফেরা করে, এটাকেই বেশি অনুসরণ করে এবং ততটাই পছন্দ করে নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করে। শিক্ষক সমাজের কাছে আমার প্রশ্ন, আপনারা এই শিশুদের ভালোবাসার মূল্যায়ন কীভাবে করবেন? আপনারা কি কখনো ভেবেছেন, আপনাদের অসহনশীল অসদাচরণের খেসারত আমাদের সন্তানেরা কীভাবে দেবে? এসব শিশুর কাছ থেকে দেশ ও জাতির প্রত্যাশা কতখানি হতে পারে? যেখানে মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নীতিমালা রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের আচরণের বিষয়ে। এই নীতিমালার বিষয়ে কি আমরা সবাই অবগত আছি? আমাদের শিক্ষিত সমাজে একটি ধারণা প্রচলিত আছে, শিশুরা দুষ্টুমি করলে তাদের নিয়ন্ত্রণের একমাত্র মোক্ষম অস্ত্র হলো তাকে মার দিতে হবে। কারণ, তারা তো আমাদের চেয়ে কম শক্তিশালী। আর বড়দের গায়ে হাত ওঠানো অসম্মানজনক ব্যাপারও বটে। এটা তো খুব সহজেই আমি আমার সন্তানকে বোঝাতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়কে আমরা কীভাবে বোঝাব যে আমাদের সন্তানদের আমরা স্কুলে পাঠিয়েছি আপনাদের কাছে ভালো কিছু শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য নয়। আমার সন্তানের যে মানসিক ক্ষতি করেছেন, এর ক্ষতিপূরণ আপনি কীভাবে দেবেন। আপনার সন্তানও হয়তো এ রকম কোনো আচরণের শিকার হচ্ছে বা হতে পারে। সে ক্ষেত্রে আপনি কি চুপ করে বসে থাকবেন? দয়া করে সহনশীল হতে শিখুন, নতুবা শিক্ষাদানের মতো মহান পেশাকে কলুষিত করার আগে সরে পড়ুন। সব অভিভাবকের পক্ষ থেকে এটাই আমার সর্বোচ্চ চাওয়া, এর বেশি আর কী-ই বা হতে পারে।লেখক: প্রধান, আইন সহায়তা সেল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।