শিক্ষকদের কোচিং বন্ধে প্রজ্ঞাপনের নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কোচিং বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রজ্ঞাপন জারি করে কোচিং নিষিদ্ধ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদবিষয়ক সচিব, আইনসচিব, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট ২০ ব্যক্তিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য জানতে চাইলে তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ আমরা মানতে বাধ্য। আমরা এটাকে স্বাগত জানাই।’ পূর্ণাঙ্গ আদেশ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, ‘আমরাও দেশ থেকে কোচিং-ব্যবস্থা উঠিয়ে দিতে চাই।’ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’-এর সভাপতি জিয়াউল কবির হাইকোর্টে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে গতকাল আদালত রুল জারি করেন। আবেদনের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু মামলা পরিচালনা করেন।মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপন জারি করে কোচিং নিষিদ্ধ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় এর আওতায় পড়বে বলেও তিনি জানান। ঐক্য ফোরামের এক বিজ্ঞপ্তিতে আবেদনের বিষয়ে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সংবিধানের ১৫(এ) ও ২১ ধারার লঙ্ঘন করে কোচিং-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। শিক্ষকেরা শ্রেণীর কার্যক্রমে সঠিকভাবে অংশ না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে বা নিজ গৃহে বা ঘর ভাড়া নিয়ে ক্লাসরুমের মতো মাইক্রোফোন ব্যবহার করে ঘণ্টার পর ঘণ্টা কোচিং সেন্টার চালাচ্ছেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাব্যবস্থা ও নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষার আরজি জানিয়ে আবেদনে কোচিং নিষিদ্ধ করতে প্রজ্ঞাপন জারির নির্দেশনা চাওয়া হয়।