শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে নীতিমালা জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ আজ বুধবার আনুষ্ঠানিকভাবে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে দিনে অন্য প্রতিষ্ঠানের সীমিত সংখ্যক (১০ জনের বেশি নয়) শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন কোনো শিক্ষক কোচিং করাতে পারবে না। তবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের আগে বা পরে শুধু অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্ধারণ করে দেওয়া টাকার বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারবেন। এই নীতিমালা জারির আগে ১৪ জুন শিক্ষাবিদ, শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা চূড়ান্ত করে। নীতিমালা লঙ্ঘন করে শিক্ষকেরা কোচিং-বাণিজ্যে জড়ালে বরখাস্ত করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে। কোচিং-বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সরকার পরিচালনা পরিষদ ভেঙে দেওয়াসহ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা অধিভুক্তি বাতিল করা হবে। নীতিমালা বাস্তবায়নের জন্য মহানগর বা বিভাগীয় এলাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (সার্বিক) সভাপতিত্বে নয় সদস্যের, জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে (সার্বিক বা শিক্ষা ও উন্নয়ন) আট সদস্যের এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আট সদস্যের তদারক কমিটি কাজ করবে।