শিক্ষকদের ঘরে ফেরার অনুরোধ শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত করার দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে পুরানা পল্টন মোড় অবরোধ করে রেখেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। শিক্ষকদের অবরোধের কারণে পুরানা পল্টন মোড়ের আশপাশে দৈনিক বাংলা, বিজয়নগর, তোপখানা রোড ও বায়তুল মোকাররমের দক্ষিণ দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পুরানা পল্টন মোড় অবরোধ করেছেন শুনে অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।অবরোধে অংশ নেওয়া ঝিনাইদহের একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আকবর আলী প্রথম আলো ডটকমকে বলেন, সরকার বছরের পর বছর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করছে না। বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার এক দফা দাবিতে শত শত শিক্ষক ঢাকায় এসে আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন। এমপিওভুক্ত করার আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা এখানেই অবস্থান করবেন বলে তিনি জানান।শিক্ষামন্ত্রীর অনুরোধশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘দাবিদাওয়া পূরণের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আপনারা বাড়ি ফিরে যান।’ মন্ত্রী বলেন, ‘তাঁরা আমাদের শিক্ষক, তাঁরা আমাদের মাথার মণি। কষ্ট করার আমরা করব। দয়া করে তাঁরা যেন বাড়িতে ফিরে যান।’ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম উন্নয়নসংক্রান্ত বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তবে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলেননি। আজকের বৈঠকে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, অর্থসচিব ফজলে কবির, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম বাড়ছে। বিদ্যালয়, শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এটি আরও কীভাবে বাড়ানো যায়, বৈঠকে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিষয়গুলো অনুধাবন করেছে। বৈঠকে এমপিওভুক্ত ও এমপিওভুক্ত নয় এমন বিদ্যালয় নিয়েও আলোচনা হয় বলে মন্ত্রী জানান।