শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও নিয়োগবিধি কমিশন গঠন করতে যাচ্ছে। এতে করে শিক্ষকেরা আরও মর্যাদা ও সুবিধা লাভে সক্ষম হবেন। মন্ত্রী গত ২৩ এপ্রিল হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক মিছবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুুল মজিদ খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের সরকার যে শিক্ষানীতি তৈরি করেছে তা দলীয় নয়, তা জাতীয় শিক্ষানীতি। আমরা চ্যালেঞ্জ নিয়ে সারা দেশে অভিন্ন প্রশ্নে প্রাথমিক পরীক্ষায় সফলতা অর্জন করেছি, যা শিশুদের আত্মনির্ভরশীলতায় গড়ে তুলতে সহায়ক হবে।’ মন্ত্রী স্কুল ও কলেজগামী মেয়েদের যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার বিষয়ে বলেন, এটি শিক্ষাক্ষেত্রে বড় প্রতিবন্ধতায় রূপ নিচ্ছে। এ প্রতিবন্ধকতা দূর করতে বিপথগামীদের বিরুদ্ধে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।জেলার শিক্ষক প্রতিনিধিরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জেলার শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে একটি লিখিত আবেদন জানান।হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে দলীয় এক জনসভায় বক্তব্য দেন মন্ত্রী। এ সমাবেশে হবিগঞ্জ-৪ আসনের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন উপস্থিত ছিলেন।