শিক্ষকদের জন্য আলাদা মজুরি কমিশন হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের কল্যাণে আলাদা মজুরি কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে। তবে এ জন্য অপেক্ষা করতে শিক্ষক-সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদন ব্যবস্থার উদ্বোধন করে এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে না। আর শিক্ষকেরাই শিক্ষিত জাতি গঠনের কারিগর। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁদের দুর্ভোগ কমাতে এবং দেশব্যাপী শিক্ষার প্রসার ঘটাতে সরকার শিক্ষাপ্রশাসনকে বিকেন্দ্রীকরণ করবে।সংসদ টিভির মাধ্যমে রাজধানীর নামকরা স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম প্রচারের ব্যাপারে উদ্যোগী হতে প্রধানমন্ত্রী কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শারীরিক প্রতিবন্ধীদের অবহেলা না করতে এবং যথাযথ শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকা পালনে শিক্ষক ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম সাজু ও অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব আসাদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন। বোর্ডের কম্পিউটার নেটওয়ার্কে অনলাইনে আবেদনের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তাদের সহায়তা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এই অনলাইন আবেদন ব্যবস্থা চালু করে। ইউএনবি।