শিক্ষকদের জন্য পৃথক বেতন-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিদ্যালয় শিক্ষকদের জন্য সরকার আলাদা বেতন-স্কেল দেওয়ার কথা ভাবছে। শিক্ষকেরা যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন, সে জন্য এটা করা হবে।আজ বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। নগরের বাদশা মিয়া সড়কে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন, ইনস্টিটিউটের পরিচালক মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী প্রমুখ।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, সততা, নিষ্ঠাবোধও জাগাতে হবে। তবেই তারা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। সমাজ পরিবর্তনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে পারবে।’নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘প্রচলিত শিক্ষায় সমাজ পরিবর্তন হবে না। শিক্ষা হতে হবে জীবন সম্পৃক্ত। যেখানে জ্ঞান ও দক্ষতা লাভের সুযোগ থাকবে। এসব প্রয়োজনের কথা ভেবে সামগ্রিক শিক্ষায় মৌলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা সবার মতামতের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছি।’নতুন শিক্ষানীতির গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছি জাতীয় শিক্ষানীতি হবে সর্বজনগ্রাহ্য, কোনো দলীয় শিক্ষানীতি নয়। আর এ শিক্ষানীতির ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছি বলে এর বিরুদ্ধে কোনো বড় ধরনের প্রতিরোধ গড়ে ওঠেনি। দলমত-নির্বিশেষে সবাই এতে সমর্থন জানিয়েছে। সবার সহযোগিতা নিয়ে আমরা শিক্ষানীতির পরিপূর্ণ বাস্তবায়নের ব্যাপারেও আশাবাদী।’শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ বছর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ কোটি ২০ লাখ বই বিনামূল্যে বিতরণ করেছি। শুধু এক দিনেই তিন কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পেরেছি। ফলে প্রতি বছর শিক্ষা উপকরণ কেনাসহ নানা আর্থিক টানাপোড়েনে যেখানে আমাদের দেশে ৪৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ত, এ বছর সে হারও আমরা কমিয়ে আনতে পেরেছি।’শিক্ষামন্ত্রী চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন শিল্পীকে হতে হবে সমাজসচেতন। তাদের কাজে সমাজের কথা, সাধারণ মানুষের কথা উঠে আসতে হবে। সাধারণ মানুষকে বাদ দিয়ে সফল হওয়া যায় না। তিনি পর্যায়ক্রমে ইনস্টিটিউটে ছাত্রী হোস্টেলসহ অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেন।