শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই অনুষদের শিক্ষকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষকদের পদোন্নতির বিষয়ে গৃহীত সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকেরা। দাবি মেনে না নেওয়ায় ওই অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের কক্ষে তালা ঝুলিয়ে দেন তাঁরা। শিক্ষকদের ডাকা এ ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের ওই অনুষদের ছয়টি বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়।এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক সমিতির একটি সভায় পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশের জন্য শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেনকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের জন্য একটি স্থায়ী অভিন্ন নীতিমালা প্রণয়নের জন্য সুপারিশ করে। তবে স্থায়ী নীতিমালা প্রণয়নের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আলাদা একটি সুপারিশ করা হয়। পরে উপাচার্য মো. সালেহ উদ্দিনের সঙ্গে দেখা করে কমিটি তাঁকে লিখিত সুপারিশ জমা দেয়।গতকাল বুধবার বিকেল চারটার দিকে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকেরা বৈঠকে বসেন। রাত আটটা পর্যন্ত চলা ওই বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে ওই বৈঠকে শিক্ষক সমিতি গঠিত কমিটির সুপারিশকে সমর্থনযোগ্য বলে মনে করেননি অনুষদের শিক্ষকেরা। আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিত্বকারী কমিটির যুগ্ম আহ্বায়ক নিলয় চন্দ্র সরকার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে তাঁরা ওই সুপারিশকে নৈতিক ও সমর্থনযোগ্য বলে মনে করেন না।