‘আইন অধিকার’ ২৯ মের সংখ্যায় ‘শিক্ষকদের কাছে খোলা চিঠি’ শিরোনামে প্রকাশিত লেখার বিষয়বস্তুর সঙ্গে আমি একজন সচেতন নাগরিক ও শিক্ষক হিসেবে পুরোপুরি সমর্থন ব্যক্ত করছি। খুব কষ্ট হচ্ছে, একজন শিক্ষার্থীকে কীভাবে আমরা শাস্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর মনে শিক্ষণ-প্রক্রিয়া, শিক্ষালয় ও শিক্ষকসমাজের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে সে বিষয়টি নিয়ে। সারা তানজিনার এ কথাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন শিক্ষার্থী তার শিক্ষকের কথাবার্তা, চালচলন ও আচরণ দ্বারা যতটুকু আকর্ষিত হয়, অন্য কোনোভাবে বা মাধ্যমে তা হয় না। নিষ্ঠুর শিক্ষকের বেত্রাঘাতে আহত (যতটুকু না শারীরিক তার চেয়ে বেশি মানসিক) শিক্ষার্থীর প্রতি অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা ও আমাদের শিক্ষকসমাজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। একজন শিক্ষক হিসেবে আমাদের ভূমিকা হওয়া উচিত কবি গোলাম মোস্তফার কবিতার পঙিক্তর মতো, ‘পিতা গড়েন শরীর/শিক্ষক গড়েন মন/ পিতা বড়ো না শিক্ষক বড়/বলিবে কোনজন।’ শিক্ষক তাঁর আত্মব্যক্তিত্বকে এমনভাবে শিক্ষার্থীর সামনে তুলে ধরবেন, যেন শিক্ষার্থী এর দ্বারা অনুপ্রাণিত হয়, শিক্ষা হয় আনন্দের বিষয়।হাইকোর্ট কর্তৃক বিদ্যালয়ে শাস্তি প্রদানসংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের পর আশ্চর্য কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। শিক্ষাঙ্গনে যখন আমরা সহকর্মীরা কথা বলি, তখন বিষয়টি প্রায় প্রতিদিনই উঠে আসে। কারণ, আগে একজন শিক্ষক ক্লাসে গেলে শিক্ষার্থীরা যতটুকু মনোযোগ দিয়ে পড়াটা গ্রহণ করত, এখন আর তেমন করে না। শিক্ষার্থীদের আচরণ ছিল সন্তোষজনক। শাস্তির ভয় থেকে বা অন্য কোনো কারণেই হোক ক্লাস হতো ফলদায়ক। আর এখন—যে শিক্ষক সবচেয়ে ভালো ক্লাস নেন বা নিতেন, তিনিও দেখি এখন হতাশ। কারণ, শিক্ষার্থীরা জেনে গেছে, একজন শিক্ষক এখন ঢাল-তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার। ক্লাসে কথা বললে কিংবা পড়া শিখে না এলে শিক্ষক এখন কিছু করতে পারবেন না। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ বিস্তারের যুগে বর্তমান প্রজন্মের (যারা শিক্ষার্থী) ধারক ও লালনকারী শিক্ষার্থীদের আচরণ ও মনন যেন এক আশ্চর্য আদলে গড়া। প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে সব শ্রেণীর শিক্ষার্থীই ফেসবুক ফোবিয়ায় আক্রান্ত। পশ্চিমা সংস্কৃতির নেতিবাচক কারণে আমাদের শিক্ষার্থীদের এই আচরণ আজ প্রভাব ফেলছে ক্লাস তথা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে। বুঝিয়ে বললেও চোখে রঙিন স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা তেমন আমল দেয় না। অবশ্য তা হওয়ারও যথেষ্ট কারণ আছে। শহুরে সমাজে একজন শিক্ষার্থী যখন ব্যক্তিগত গাড়িতে করে স্কুলে আসে, তখন সে দেখে তার শিক্ষক আসছে পায়ে হেঁটে। কারণ, শিক্ষকদের দীনতা ও প্রাপ্ত বেতনভাতাদি ও সুযোগসুবিধা। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীর মনে শিক্ষক সম্পর্কে খুব উঁচু একটা ধারণা প্রকাশ পায় না। একজন শিক্ষক যখন তাঁর দীনতার কারণে কিংবা শিক্ষার্থীর কোনো আচরণে মানসিকভাবে নিপীড়িত হন, তখন নিশ্চয়ই শিক্ষকের কাছ থেকে সর্বোচ্চ প্রত্যাশা করা যায় না। সরকার বা হাইকোর্ট বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষকদের জন্য কি কিছু করেছে? আমি মনে করি, প্রচণ্ড ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে শত বিপদেও শিক্ষকেরা শিক্ষার্থীদের সেরাটা দেবেন। আর রাষ্ট্র? দয়া করে শিক্ষকদের দিকে একটু নজর দিন।মো. বশীর আল হেলালশিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা