শিক্ষকদের নিয়মিত উপস্থিত থাকার প্রজ্ঞাপন জারি
শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার জারি করা এক নির্দেশনাপত্রে জানিয়েছে, সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।নির্দেশনাপত্রে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের মধ্যে বেশ কিছু শিক্ষক ক্লাসের নির্ধারিত সময় ছাড়া কর্মস্থলে উপস্থিত থাকছেন না। এ ছাড়া তাঁরা প্রায়ই বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। এটি তাঁদের একধরনের অভ্যাসে পরিণত হয়েছে।নির্দেশনাপত্রে আরও বলা হয়, বর্তমান সময়সূচি অনুযায়ী দেশের অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিদিন (সরকারি ছুটি ছাড়া) নিয়মিত কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কোনো ক্ষেত্রে এ শৃঙ্খলা ভাঙা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।নির্দেশনাপত্রে বলা হয়, বেসরকারি কলেজের ক্ষেত্রেও কিছুসংখ্যক শিক্ষকের মধ্যে অনুরূপ বেআইনি ও বিধিবহির্ভূত আচরণ পরিলক্ষিত হচ্ছে। ফলে দেশের শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।সরকারি ও বেসরকারি কলেজগুলোতে অনিয়মিত উপস্থিতি যাতে বন্ধ হয়, সে জন্য আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।