শিক্ষকদের নৈতিকতাবিরোধী কাজ কঠোরভাবে মোকাবিলা করব: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ জন্য আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষক ছাত্রীদের ওপর পাশবিক নির্যাতন করার ঘটনায় শিক্ষকদের নৈতিকতা রক্ষায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। শিক্ষক নামধারী গুটিকয়েক নরপশুর কারণে এই পেশার মর্যাদা নষ্ট হতে পারে না। অনুষ্ঠানে কয়েকজন অধ্যক্ষ কোচিং বন্ধের উদ্যোগ গ্রহণের দাবি জানান। জবাবে শিক্ষামন্ত্রী কোচিং সম্পূর্ণ বন্ধ হোক আমরাও চাই। কিন্তু শ্রেণীকক্ষে ঠিকমতো পড়াশোনা হয় না। শ্রেণীকক্ষে সব শিক্ষা দেওয়া হলে কোচিং বন্ধ হয়ে যাবে। আমরা বাস্তবতা অনুসরণ করেই চলতে চাই। প্রাইভেট-টিউশনিতে যাঁরা (শিক্ষক) বেশি জড়িত, তাঁরা আস্তে আস্তে গুটিয়ে নিন।’অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধানেরা ছাড়াও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ বক্তৃতা করেন।